পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বন্দর নগরী গোয়াদারের বিলাসবহুল পাঁচ-তারকা হোটেল পার্ল কন্টিনেন্টালে হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি। চার বন্দুকধারী হোটেলটিতে হামলা চালায়। পুলিশি অভিযানের সময় সবাই মারা গেছে। একই সঙ্গে দুজন নিরাপত্তাকর্মী প্রাণ হারিয়েছেন।
শনিবার স্থানীয় সময় বেলা প্রায় পাঁচটার দিকে এই হামলা হয়। সেসময় হোটেলে কত লোক ছিল তা নিশ্চিত নয়।
এই প্রতিবেদন লেখার সময় জানা গেছে, বাড়তি সতর্কতার জন্য হোটেলের উপরে এখনো হেলিকপ্টার চক্কর দিচ্ছে।
লিবারেশন আর্মি বলছে, চীনা এবং অন্য বিদেশি বিনিয়োগকারীদের তারা টার্গেট করেছে।
সরকারি কর্মকর্তারা বলছেন হোটেলের সব অতিথিকে নিরাপদে সরিয়ে নেওয়া গেছে।
গোয়াদারে চীন শত শত কোটি ডলার বিনিয়োগ করেছে। এই হোটেলটিতে নিয়মিত প্রচুর বিদেশি থাকেন।
বেলুচিস্তানে একাধিক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতা রয়েছ। তাদের মধ্যে রয়েছে পাকিস্তানি তালেবান, বেলুচিস্তান লিবারেশন আর্মি এবং কট্টর সুন্নি জঙ্গি গোষ্ঠী লশকর-ই-জাংভি।
