জর্জিয়ায় নতুন গর্ভপাত আইনে ক্ষুব্ধ হয়ে সেক্স স্ট্রাইকের ডাক দিলেন যুক্তরাষ্ট্রের অভিনেত্রী অ্যালিসা মিলানো। তিনি নারীদের সেক্স স্ট্রাইকের আহ্বান করেন বলে জানিয়েছে বিবিসি।
টুইটবার্তায় তিনি বলেন, ‘নারীরা তাদের নিজের দেহের ওপর আইনি নিয়ন্ত্রণ না পাওয়া পর্যন্ত তারা গর্ভবতী হওয়ার ঝুঁকি নিতে পারে না।’ জর্জিয়াতে বর্তমানে গর্ভপাতের ওপর কড়াকড়ি করে আইন চালু হচ্ছে।
৩৫ হাজারের বেশি মানুষ মিলানোর টুইটে লাইক দিয়েছে। তার টুইটটি রিটুইট হয়েছে ১২ হাজারের বেশিবার। মিলানোর এক সহ-অভিনেত্রীও তার সমর্থনে টুইট করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যালিসার এমন আহ্বানে সমালোচনার ঝড় বইছে। গর্ভপাতের ওপর কড়াকড়ি বন্ধের প্রতিবাদে অ্যালিসা যে অবস্থান নিয়েছেন তা নিয়ে টুইটার ব্যবহারকারীদের মধ্যে বিভাজন দেখা দিয়েছে এবং বিষয়টি নিয়ে বিকর্ত শুরু হয়েছে। টুইটারে চালু হয়েছে ‘হ্যাশট্যাগসেক্সস্ট্রাইক’।
তবে এর বিরুদ্ধেও প্রতিক্রিয়া এসেছে তাৎক্ষণিকভাবেই। নতুন আইনের সমর্থক এবং বিরোধীরা উভয়েই তাদের নিজ নিজ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।
গত মঙ্গলবার জর্জিয়ার গভর্নর গর্ভপাতবিরোধী ‘হার্টবিট’ আইন স্বাক্ষর করেন। আগামী ১ জানুয়ারি থেকে এই আইনটি কার্যকর হওয়ার কথা রয়েছে। আইনটিতে বলা হয়েছে, মানব ভ্রƒণের হৃদযন্ত্রের আওয়াজ পাওয়া যাওয়া মাত্র আর গর্ভপাত করা যাবে না। সাধারণত গর্ভধারণের প্রায় ছয় সপ্তাহের মাথায় ভ্রƒণের হার্টবিট অনুভব করা যায়। এ সময়ের মধ্যে বহু নারীই বুঝতে পারে না তারা গর্ভবতী কি না। গর্ভকালীন অসুস্থতা সাধারণত শুরু হয় ৯ সপ্তাহ থেকে।
