ধোনির রানআউটে চেন্নাইয়ের হার: শচীন

আপডেট : ১৩ মে ২০১৯, ০৩:১২ পিএম

শিরোপা জয়ের খুব কাছেই চলে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। এমন অবস্থায় শেষ ওভারের রোমাঞ্চে দলটিকে ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন্স হওয়ার আনন্দে ভাসে মুম্বাই ইন্ডিয়ান্স। এমন জয়ে উচ্ছ্বসিত দলটির মেন্টর শচীন টেন্ডুলকার।

সেই সঙ্গে ম্যাচটিতে চেন্নাইয়ের হারের কারণও জানিয়েছেন ভারতের সর্বকালের সেরা ব্যাটসম্যান। তার মতে, ত্রয়োদশ ওভারে দলটির অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির রানআউটই ঘুরিয়ে দেয় ম্যাচের মোড়।

“ধোনি আইপিএলের সেরা ব্যাটসম্যান। এমন কঠিন মুহূর্তে বহুবার ব্যাটিং করেছে। ওর আউটটাই ম্যাচ ঘোরানো মুহূর্ত।”

ম্যাচের ত্রয়োদশ ওভারের চতুর্থ বলে শেন ওয়াটসনের সঙ্গে জুটিতে ২ রান ‘চুরি’ করতে গিয়ে ইশান কৃশানের থ্রোতে নন-স্ট্রাইকিং প্রান্তে রান আউট হন ধোনি। ম্যাচের শেষ ওভারে ৫৯ বলে ৮০ রান করা চেন্নাইয়ের ওপেনার ওয়ানটসনও রানআউট হয়ে ডাগআউটে ফেরেন। রবীন্দ্র জাদেজার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হন ওয়াটসন। এরপর শেষ বলে ১ রানে ম্যাচ হেরে বসে চেন্নাই। দুই রান আউটের মধ্যে ধোনির আউটকেই অবশ্য মুম্বাইয়ের ম্যাচ ঘোরানো মুহূর্তে বেছে নিয়েছেন রোহিতদের মেন্টর শচীন।

আইপিএলে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হওয়া মুম্বাইয়ের উচ্ছ্বসিত প্রশংসা করে শচীন বলেন, “দারুণ একটা দল গড়া এবং পরিবারের মতো সেই দলকে আগলে রাখাই মুম্বাইয়ের ধারাবাহিকতার রহস্য।”

শেষ ওভারে দারুণ বোলিং করা লাসিথ মালিঙ্কা প্রসঙ্গে লিটল মাস্টার বলেন, “অভিজ্ঞ মালিঙ্গা শেষ বলে শার্দুলকে আউট করে বুঝিয়ে দিলেন, কেন সে এই ফরম্যাটে সেরা বোলার।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত