ঘুষের টাকাসহ দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তাদের হাতে আটক হয়েছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সমবায় কর্মকর্তা নৃপেন্দ্রনাথ দাস।
মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়েই ঘুষ নেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
দুদকের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আলমগীর হোসেন জানিয়েছেন, গোদাগাড়ী সরমংলা একতা মৎস্যচাষি সমবায় সমিতির নাম নিবন্ধন করতে সমবায় কর্মকর্তা নৃপেন্দ্রনাথ দাস ঘুষ দাবি করেন। দুই দফায় টাকা গ্রহণও করেছেন তিনি। এ বিষয়ে দুদকে অভিযোগ করেন সমিতির সভাপতি আবদুল বাতেন।
অভিযোগে বলা হয়, সমিতির নাম নিবন্ধনভুক্ত করতে সমবায় কর্মকর্তা ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। তার চাহিদা মতো দু’দফায় ৭হাজার টাকা দেওয়া হয়েছে। বাকি ৮ হাজার টাকার জন্য নৃপেন্দ্রনাথ কাজ করে দেননি। পাশাপাশি এই টাকা দেওয়ার জন্য তিনি চাপ দিতে থাকেন।
অভিযোগ আমলে নিয়ে দুদক থেকে বিশেষ টিম গঠন করা হয়। এরপরই তাকে ধরতে ফাঁদ পাতেন তারা।
মঙ্গলবার দুপুরে সমবায় কর্মকর্তা নৃপেন্দ্রনাথ দাসের দাবি অনুযায়ী ঘুষ দিতে তার কার্যালয়ে যান সরমংলা একতা মৎস্যচাষি সমবায় সমিতির সভাপতি আবদুল বাতেন।
ঘুষ নেওয়ার সময় দুদকের রাজশাহী বিভাগীয় পরিচালক মুর্শেদ আলম ও উপ-পরিচালক জাহাঙ্গীর আলম নেতৃত্বে একটি টিম হাতেনাতে নৃপেন্দ্রনাথকে আটক করে। এসময় তার কাছে থেকে ঘুষের আট হাজার টাকাও জব্দ করা হয়।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হন দুদকের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আলমগীর হোসেন।
মামলা দায়েরের পর অভিযুক্ত নৃপেন্দ্রনাথ দাসকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
