নন্দিনী এ বছরেই প্রেক্ষাগৃহে আসবে

আপডেট : ১৫ মে ২০১৯, ১২:১৪ এএম

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নাজিরা আহমেদ মৌ। ঈদের কাজ নিয়ে ব্যস্ত তিনি। প্রথমবার চলচ্চিত্রেও অভিনয় করছেন। সমসাময়িক বিভিন্ন বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ। ছবি : শেখ সাদী

 

ঈদের একাধিক ধারাবাহিক

এ পর্যন্ত একটি ১০ পর্বের ও দুটি সাত পর্বের ঈদ ধারাবাহিকে অভিনয় করেছি। ১০ পর্বের ধারাবাহিকটি নির্মাণ করেছেন মোহন খান। এটি এটিএন বাংলায় প্রচার হবে। আর সাত পর্বের ধারাবাহিক দুটির একটি পরিচালনা করেছেন বিপ্লব হায়দার, অন্যটি অভিনেতা আনিসুর রহমান মিলন। মিলন ভাইয়ের নাটকটির নাম ‘আব্বা উকিল ডাকবো’। এতে আমার বিপরীতে তিনি অভিনয়ও করেছেন। পুবাইলে এ নাটকটির শ্যুটিং করেছি। কমেডিনির্ভর গল্প হলেও দর্শকদের কাছে কোনোভাবেই ভাঁড়ামি মনে হবে না। গল্পের মধ্যে বিভিন্ন সিচুয়েশন রয়েছে, গল্প ধরে পূর্ণ ব্যাখ্যা দেওয়া হয়েছে। এরমধ্যে দর্শকদের ভালো লাগার উপকরণ থাকবে, হাস্যরস থাকবে। এটি এশিয়ান টিভিতে প্রচার হবে।

ঈদের খন্ড নাটক...

সকাল আহমেদের ‘আপা’ নামের একটি খন্ড নাটক করেছি। এতে আমার বিপরীতে আছেন ইরফান সাজ্জাদ। একটি যৌথ পরিবারের গুরুত্ব কতখানি তা নিয়ে নাটকটির গল্প। আদিবাসী মিজানের পরিচালনায় করেছি ‘হ্যালো বাইক’ নামের একটি নাটক। এতে আমার নায়ক নাঈম। একজন বাইকপাগল ছেলে বাইক পেতে প্রকৃত ভালোবাসার মানুষের সঙ্গে প্রতারণা করে। কিন্তু দিনশেষে প্রকৃত ভালোবাসারই জয় হয়। এছাড়া আকাশ রঞ্জনের পরিচালনায় রওনক হাসানের বিপরীতে করেছি ‘ভাবির দোকান’ নামে একটি কমেডি ঘরানার নাটক। এতে আমি চা বিক্রেতা। দেখা যাচ্ছে গ্রামের অন্য চায়ের দোকানে কোনো লোক নেই, কিন্তু এই সুন্দরী ভাবির দোকানে ভিড় লেগে আছে। এই নিয়ে স্বামী রওনক হাসানের সঙ্গে আমার দাম্পত্য কলহ তৈরি হয়। শেষ পর্যন্ত জানতে নাটকটি দেখার অনুরোধ রইল। কমেডি ঘরানার আরেকটি নাটক করেছি ফজলুর হাসানের নির্দেশনায়। এতে আরও আছেন ভাবনা ও আ খ ম হাসান। সামনে চয়নিকা চৌধুরীর দুটি নাটক করব। একটিতে আমার সহশিল্পী থাকবেন সুবর্ণা মুস্তাফা।

প্রথমবার চলচ্চিত্রে...

এই প্রথম একটি চলচ্চিত্রে অভিনয় করছি। এর নাম ‘নন্দিনী’। আমার বিপরীতে আছেন কলকাতা ও বলিউড অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। আমি সিনেমার নাম ভূমিকায় অভিনয় করছি। এতে আমি একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। এই মেয়েটি খুবই প্রতিবাদী, জীবনে অনেক সংগ্রাম রয়েছে তার। আর ইন্দ্রনীল একজন সাংবাদিক। গত নভেম্বরে আমরা এই সিনেমার শেষ কাজ করেছি। প্রায় ৭০ ভাগ শ্যুটিং শেষ। আমাদের গল্পের জন্য গরমকাল দরকার ছিল। তাই এতদিন বাকি কাজ করতে পারিনি। জুনের ২০ তারিখ থেকে টানা কাজ শেষ করব সিনেমাটির। আশা করি এ বছরই সিনেমাটি বড়পর্দায় দেখতে পাবেন দর্শক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত