সারা বিশ্বে এককভাবে হামলা চালাচ্ছে জঙ্গিরা : আইজিপি

আপডেট : ১৬ মে ২০১৯, ০২:৫৮ এএম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী বলেছেন, সারা বিশ্বে জঙ্গিরা এখন এককভাবে হামলা চালাচ্ছে। দলবদ্ধ হামলার চেয়ে একাকী হামলার প্রবণতা বাড়ছে। এই প্রবণতা রোধ করা প্রায় অসম্ভব। গতকাল বুধবার সকালে পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, বাংলাদেশে জঙ্গি হামলার সুনির্দিষ্ট আশঙ্কা নেই। তবে সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশও সম্পূর্ণভাবে ঝুঁকিমুক্ত

নয়। সেজন্য দেশজুড়ে বাড়ানো হয়েছে বিশেষ নিরাপত্তা। পুলিশের বিভিন্ন ইউনিটকে নিরাপত্তার বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে ক্র্যাবের পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক দীপু সারোয়ার। ওই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্র্যাব সহসভাপতি মিজান মালিক, অর্থ সম্পাদক দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক রাশেদ নিজাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক বকুল আহমেদ, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক ইমরান হোসেন সুমন, দপ্তর সম্পদক শহীদুল ইসলাম রাজী, কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক শাহীন আলম, সদস্য মাসুদ আলম, শাহীন আবদুল বারি, সাইফ বাবলু, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) শফিকুল ইসলাম, ডিআইজি (অপারেশন্স) ব্যারিস্টার মাহবুবুর রহমান, ডিআইজি (মিডিয়া) ওয়াই এম বেলালুর রহমান, এআইজি (মিডিয়া) সোহেল রানা, পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ কামরুজ্জামান, সিনিয়র তথ্য কর্মকর্তা এ কে এম কামরুল আহছান প্রমুখ।

পুলিশপ্রধান বলেন, জঙ্গিদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রয়েছে। তবে পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি। গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলার পর মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে। জঙ্গি বা সন্দেহভাজনদের নিয়ে মানুষ তথ্য দিলে একাকী হামলার প্রবণতাও প্রতিরোধ করা সম্ভব হবে। তিনি বলেন, ‘বৌদ্ধ পূর্ণিমায় হামলার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তবে হামলা হতে পারে এমন আশঙ্কা থেকে বৌদ্ধপ্রধান এলাকাসহ সারা দেশেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। ঢাকা এবং পার্বত্য অঞ্চলে বৌদ্ধ পূর্ণিমার শোভাযাত্রা হবে। এ শোভাযাত্রা ঘিরেও বিশেষ নিরাপত্তা থাকবে। বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সঙ্গেও আমরা বৈঠক করেছি। তাদের নিরাপত্তা চাহিদাও পূরণ করা হচ্ছে।’

বাংলাদেশে বিদেশি জঙ্গি বা জঙ্গি সংগঠনের তৎরপতা নেই দাবি করে জাবেদ পাটোয়ারী বলেন, মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কোনো তৎপরতা এ দেশে নেই। তবে কারও কারও সঙ্গে আদর্শিক যোগাযোগ থাকতে পারে। আইএসের দাবি করা বাংলাদেশ শাখার খলিফা শায়খ আবু মুহাম্মদ আল-বাঙালির বিষয়ে আইজিপি বলেন, ‘গণমাধ্যমে আল-বাঙালির বিষয়টি এসেছে। তার হুমকির বিষয়টিও গণমাধ্যম থেকেই আমরা জানতে পেরেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত