কামার আহমাদ সাইমনের পরের ছবি ‘অন্যদিন’ সম্পাদনার জন্য যাচ্ছে হল্যান্ডের আমস্টারডামে। বিশ্বের অন্যতম ১০টি চলচ্চিত্র উৎসবের একটি ইডফা’র সামার স্কুলে নির্বাচিত হয়েছে চলচ্চিত্রটি।
সারা আফরীনের প্রযোজনায় ফরাসি ডিডব্লিউ, নরওয়ের ব্যারেন্টস ফিল্ম ও বাংলাদেশি স্টুডিও বিগিনিং-এর যৌথ-প্রযোজনায় তৈরি হচ্ছে ‘অন্যদিন’।
জুলাইয়ের প্রথম সপ্তাহে ইডফার আমন্ত্রণে এক সপ্তাহের এই আন্তর্জাতিক পাঠশালায় কামারের সঙ্গে কলকাতা থেকে যোগ দিচ্ছেন ছবির সম্পাদক সৈকত শেখরেশ্বর রায়। সত্যজিৎ রায় ফিল্ম এবং টেলিভিশন ইনস্টিটিউটে সম্পাদনা বিভাগে শিক্ষকতায় যুক্ত সৈকত। তিনি কামারের ‘শুনতে কি পাও!’-এরও সম্পাদক ছিলেন।
বিশ্বের অন্যতম ছবির পাঠশালায় সম্পাদনার নিমন্ত্রণের প্রতিক্রিয়ায় কামার বলেন, “শুরু থেকেই ‘অন্যদিন’ খুব চ্যালেঞ্জিং ছিল এর ফিকশন-নন-ফিকশন ফর্মের জন্য। ২০১৩ সালে শুরু হলেও কয়েকবার বিরতি দিয়ে শুটিং শেষ করেছি ২০১৮ সালের ডিসেম্বরে। সেটা শেষ করেই আবার প্রস্তুতি শুরু করেছি (ফিচার ফিল্ম) ‘শিকলবাহা’র শুটিং-এর। তাই ‘অন্যদিন’-এর সম্পাদনা শেষ হলেও পোস্টের কাজ বাকি থেকে যাবে।”
বিশ্বের প্রামাণ্য উৎসবগুলোর মধ্যে বৃহত্তম ইডফা’র সামার স্কুল প্রত্যেক বছর আয়োজন করছে সিনেমার ভিন্ন মেজাজের এক পাঠশালা! এখানে নির্বাচিত চিত্রনাট্য বা সম্পাদনা পর্যায়ে ইউরোপের গুণী কুশলীদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে থাকেন আমন্ত্রিত নির্মাতারা।
চলতি বছর বার্লিন চলচ্চিত্র উৎসবে নির্বাচিত ‘এনবেসা’ (পরিচালক মো স্কারপেল্লি), ২০১৩ সালের অস্কার মনোনীত ‘ফাইভ ব্রোকেন ক্যামেরা’র (ফিলিস্তিনি নির্মাতা ইমাদ বুরনাট ও ইসরায়েলি নির্মাতা গাই ডেভিডি) মতো ছবিগুলো ইডফা সামার স্কুলের প্রজেক্ট। এ বছর ১৮৫টি প্রজেক্ট থেকে নির্বাচিত হয়েছে ১৬টি, যার মধ্যে সম্পাদনার জন্য নির্বাচিত ৬টির একটি ‘অন্যদিন’।
২০১৩ সালে ইডফা-বার্থা অনুদান পুরস্কার দিয়ে যাত্রা শুরু হয়েছিল ‘অন্যদিন’-এর। একই বছর সানড্যান্স চলচ্চিত্র উৎসব থেকেও পেয়েছিল অনুদান।
২০১৬ সালে লোকার্নোর পিয়াতজা গ্রান্দায় কামার আহমাদ সাইমনকে সম্মানিত করা হয় ওপেন ডোর্স হাবের ‘শ্রেষ্ঠ পুরস্কার’ দিয়ে। সঙ্গে ‘আর্তে ইন্টারন্যাশনাল পুরস্কার’ও পেয়েছিলেন এই চিত্রনাট্যের জন্যই।
পরের বছর ‘অন্যদিন’-এর জন্যই কান চলচ্চিত্র উৎসবে লা এতেলিয়ারে আমন্ত্রিত হন কামার। এ আয়োজন শুধু নির্বাচকদের আমন্ত্রণেই ১৫ জন নির্মাতা যোগ দিতে পারেন।
২০১৮ সালে ইউরোপের কালচারাল চ্যানেল আর্তের লা লুকার্ন প্রোগ্রামে ‘অন্যদিন’ প্রদর্শনের জন্য নির্বাচিত করে। যেসব কাব্যময় অতর ছবি প্রচলিত চলচ্চিত্র ভাষাকে চ্যালেঞ্জ করে, সেই ছবিগুলোই দেখিয়ে থাকে লা লুকার্ন।
কামার আহমাদ সাইমনের ‘জলত্রয়ী’ বা ‘ওয়াটার ট্রিলজি’র দ্বিতীয় ছবি ‘অন্যদিন’।
