অটোমেটেড সিস্টেম হিলি পাস উদ্বোধন

আপডেট : ১৬ মে ২০১৯, ১১:৪২ পিএম

দিনাজপুরের হিলি স্থলবন্দরের সকল কার্যক্রম স্বয়ংক্রিয় পদ্ধতিতে সম্পন্ন করতে ‘হিলি পাস’ নামক স্বয়ংক্রিয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

গতকাল হিলি কাস্টমস কার্যালয়ে হিলি পাস উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক নিরীক্ষা, আধুনিকায়ন, ও আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক সদস্য মুহাম্মদ আমিনুর রহমান। পরে তিনি এ সংক্রান্ত কর্মপদ্ধতি ও কাস্টমসের কার্যক্রম পরিদর্শন করেন।

মুহাম্মদ আমিনুর রহমান সীমান্তের চেকপোস্ট গেট এলাকা পরিদর্শন শেষে হিলি স্থল শুল্ক স্টেশনের আয়োজনে স্টেশনের সম্মেলনকক্ষে আমদানি রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে এক আলোচনাসভায় অংশ নেন। মুহাম্মদ আমিনুর রহমান জানান, হিলি পাস অটোমেটেড কার পাস সিস্টেম চালু হওয়ায় আমদানি, রপ্তানি ও খালাসে সময় অনেক কম লাগবে। এতে আমদানি-রপ্তানিকারকদের সময় বাঁচবে ও বন্দরের মাশুল কম লাগবে। আগে ম্যানুয়াল পদ্ধতিতে ভারত থেকে পণ্যবাহী ট্রাক আসার পর তা অন্যদিকে গেলেও চিহ্নিত করার সুযোগ ছিল না। বর্তমানে হিলি পাস পদ্ধতি চালুর ফলে কোনো পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের পরপরই কম্পিউটারে এন্ট্রি হচ্ছে। ফলে পরিবহনের গতিবিধিতে নজরদারি সম্ভব হবে। পাসপোর্টধারী যাত্রীদের সেবার মান আরও বাড়ানো হবে বলেও তিনি জানান। প্রথমে বেনাপোল বন্দর এখন হিলি স্থলবন্দরে পাস চালু করা হলো। পর্যায়ক্রমে দেশের সবগুলো বন্দরে এই পদ্ধতি চালু করা হবে।

রংপুর কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ আহসানুল হকের সভাপতিত্বে ও সহকারী রাজস্ব কর্মকতা আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক, রংপুর কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার আব্দুল মান্নান সরদার প্রমুখ উপস্থিত ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত