রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে জাল সার্টিফিকেট কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। তার নাম জুয়েল (২৩)। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে লালবাগ র্যাব-১০-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি রেজাউল করিমের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে জাল সার্টিফিকেট ও বিভিন্ন সরঞ্জামসহ তাকে গ্রেপ্তার করা হয়।
জুয়েলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার সাহারপাড়া গ্রামে। এ সময় তার কাছ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের ২১টি জাল সার্টিফিকেট, ৩টি জাল মার্কশিট, ২টি সিপিইউ, ২টি মনিটর, ৩টি প্রিন্টার ও ৩টি স্ক্যানার জব্দ করা হয়।
সহকারী পুলিশ সুপার রেজাউল করিম জানান, দীর্ঘদিন ধরে জুনিয়র স্কুল সার্টিফিকেট, মাধ্যমিক সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট জাল করে আসছিল জুয়েল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
