‘গেম অব থ্রোনস’-এর নিয়মিত দর্শকদের কাছে ড্যানেরিস টার্গেরিয়ান বা খালিসি খুবই পরিচিত নাম। এ চরিত্রে অভিনয় করছেন এমিলিয়া ক্লার্ক।
মাদার অব ড্রাগন বা সেভেন কিংডমের রক্ষাকর্তার চরিত্রটিকে সিরিজের অন্যতম কেন্দ্রীয় চরিত্রও বলা যায়।
জর্জ আর আর মার্টিনের লেখা ও রূপকথার আঙ্গিকে তৈরি ধারাবাহিকে খালিসিকে নারী শক্তির অবয়ব হিসেবে দেখা যায়। চরিত্রটির জনপ্রিয়তা এতটাই বেশি যে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের অনেকে বাবা-মা সন্তানের নাম রেখেছেন খালিসি।
জানা যাচ্ছে, গত এক বছরে প্রায় ৫৬০ মেয়ের নাম রাখা হয়েছে খালিসি। ড্যানেরিসও আছে পছন্দের তালিকায়। সব মিলিয়ে যার সংখ্যা দাঁড়ায় সাড়ে ৩ হাজার।
কিন্তু সর্বশেষ ‘গেম অব থ্রোনস’ পর্বটি দেখার পর আফসোস করছেন অনেক বাবা-মা। কারণ, এত দিন নারী শক্তির প্রতীক খালিসি রোববারের পর্বের পর বদলে গেছেন গণহত্যাকারীতে। যদিও এক ঝটকায় চরিত্রের রং বদলে যাওয়ার উদাহরণ এ জনপ্রিয় ধারাবাহিকে আগেও দেখা গেছে।
তবে সবার প্রিয় এই খালিসি একসময় স্বামী খাল দ্রোগোর মৃত্যুর পর সমস্ত দাসদের মুক্ত করে দিয়েছিলেন, তিনিই যে গণহত্যাকারীতে পরিণত হবেন- তা কেই বা জানত!
এখন খালিসির কারণে সোশ্যাল মিডিয়ায় অনেক বাবা-মা বিদ্রূপের শিকার হচ্ছেন। অনেকে লিখছেন- যে সব বাবা-মা সন্তানের নাম খালিসি বা ড্যানেরিস রেখেছেন তাদের সন্তানের কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। কিংবা সন্তানের নাম বদলে ফেলা উচিত।
যদিও শুধু খালিসিই নয়, সিরিজের অন্য একটি চরিত্রের নামে গত বছর ২ হাজার ৪৪৫ শিশুর নাম আরিয়া রাখা হয়েছে। ইয়ারা নামে নাম রাখা হয়েছে ৪৩৪ জন শিশুর। সানসা নাম রাখা হয়েছে ৩০ শিশুর। টাইরিয়ন নাম রাখা হয়েছে ৫৮ জনের। এ ছাড়া জেমি ল্যানিস্টার নাম ধারণ করেছে ৫৪৭ শিশু।
