দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানগুলোর মধ্যে এখনো সেরার তালিকায় রয়েছে হানিফ সংকেতের ইত্যাদি। এবার এই ইত্যাদির মঞ্চ মাতাবেন জনপ্রিয় চার তারকা ফেরদৌস-পূর্ণিমা, সিয়াম ও পূজা। ফাগুন অডিও ভিশন সূত্রে জানা যায়, ইত্যাদির নানান চমকের একটি হচ্ছে দর্শক প্রিয় ৪ অভিনয় তারকাকে নিয়ে একটি বিষয় ভিত্তিক গান ও নৃত্য। এই পর্বের জন্য জনপ্রিয় লোকসংগীতের সমন্বয়ে নুতন গান করা হয়েছে। সংগীত পরিচালনা করেছেন মেহেদি। বেশ কিছু তরুণ গায়ক-গায়িকার বিভিন্ন ধরনের কণ্ঠ প্রতিভাকে কাজে লাগিয়ে হানিফ সংকেত এই গানটি তৈরি করেছেন। নৃত্য পরিচালনা করেছেন ইত্যাদির নিয়মিত নৃত্য পরিচালক মামুন।
হানিফ সংকেত বলেন, ‘নানা কারণে অনেক আগে থেকে তাদের শিডিউল নেওয়া না থাকলেও ইত্যাদির প্রয়োজনে তারা আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করেছেন। সে জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ।’
উল্লেখ্য, বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় ঈদের বিশেষ ইত্যাদি প্রচারিত হবে। ইত্যাদি রচনা, উপস্থাপনা ও পরিকল্পনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে নন্দিত নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন।
