সোনারগাঁয়ে যুবলীগ নেতাকে হাতুড়িপেটা

আপডেট : ১৮ মে ২০১৯, ১০:৪৭ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক যুবলীগ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত-পা থেঁতলে দিয়েছে প্রতিপক্ষ। গতকাল শনিবার সকালে জামপুর ইউনিয়নের মুছারচর গ্রামে এ ঘটনা ঘটে।

হামলায় আহত যুবলীগ নেতার নাম খিজির হোসেন। তিনি ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি। তাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুছারচর গ্রামের মোফাজ্জাল হোসেনের সঙ্গে একই গ্রামের বাসিন্দা খিজির হোসেনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে গত শুক্রবার সন্ধ্যায় দুজনের মধ্যে বাগ্বিত-া হয়।

গতকাল সকালে মোটরসাইকেলে করে খিজির ব্যবসার কাজে ঢাকা যাওয়ার পথে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষ মোফাজ্জল হোসেন ও তার পক্ষের সন্ত্রাসী আনোয়ার হোসেন আনু, মোস্তফা, মাহাবুবসহ ৬-৭ জন তার (খিজির) পথরোধ করে। এ সময় তারা হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে খিজিরের হাত-পা থেঁতলে দেয়।

খিজিরের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল রাত ৮টায় এ প্রতিবেদন লেখার সময় এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।

হামলার বিষয়ে অভিযুক্ত মোফাজ্জল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে জমি নিয়ে বিরোধ রয়েছে। খিজির হোসেন আমাদের পাওনা জমি বুঝিয়ে দিচ্ছে না। এ নিয়ে তার সঙ্গে সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে।’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হালিমা সুলতানা হক জানান, মারাত্মক আহত অবস্থায় খিজির হোসেনকে হাসপাতালে আনা হয়। হাতুড়ির আঘাতে তার দুই হাত ও পা থেঁতলে গেছে। এক্সরে রিপোর্টে হাড় ভাঙার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।  সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, ‘যুবলীগ নেতার ওপর হামলার ঘটনা শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত