দেশে বসে বিদেশি পিএইচডি করে বিপাকে ডিগ্রিধারীরা

আপডেট : ১৯ মে ২০১৯, ০২:১৬ এএম

দেশে বসেই বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডিসহ অন্যান্য ডিগ্রি নিয়ে বিপাকে পড়েছেন অনেকে। আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া ইউএসএসহ বেশ কিছু বিদেশি বিশ্ববিদ্যালয় ও এসব প্রতিষ্ঠানের ডিগ্রি দেশে অবৈধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গণবিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে এ অবস্থা তৈরি হয়েছে। এরই মধ্যে এসব প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিয়েছেন সরকারি-বেসরকারি কর্মকর্তা ও শিক্ষকরা। আদালতের নির্দেশনা উপেক্ষা করে ইউজিসি এমন নির্দেশনা জারি করেছে বলে অভিযোগ তুলেছেন তারা। ডিগ্রিধারীরা দ্রুত এ নির্দেশনা বাতিলের দাবি জানিয়েছেন।

গত ৭ মে ইউজিসির গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া ইউএসএসহ সরকার কর্র্তৃক অনুমোদিত নয় এমন দেশি-বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্জিত পিএইচডি ডিগ্রির কোনো গ্রহণযোগ্যতা নেই। এতে অনুমোদনহীন এসব প্রতিষ্ঠান থেকে ডিগ্রি গ্রহণে সতর্ক থাকতে বলা হয়।  ইউজিসির গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক এ গণবিজ্ঞপ্তিতে সই করেন।

খোঁজ নিয়ে জানা যায়, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বেশ কিছু কর্মকর্তার এসব প্রতিষ্ঠানের পিএইচডি ডিগ্রি রয়েছে। তারা এসব সনদ দিয়ে পদোন্নতিও পেয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী দেশ রূপান্তরকে জানিয়েছেন, ইউজিসির গণবিজ্ঞপ্তির পর তারা বিপাকে পড়েছেন। এই ডিগ্রি নিয়ে দীর্ঘদিন কর্মরত থাকলেও এখন কর্র্তৃপক্ষের প্রশ্নের মুখে পড়ছেন। তাদের দাবি, সকল প্রক্রিয়া সম্পন্ন করে গবেষণা ও পড়াশোনা করেই ডিগ্রি অর্জন করেছেন। তাছাড়া এসব ডিগ্রি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিকে হস্তক্ষেপ না করতে হাইকোটে ২০১০ সালের ডিসেম্বরে রিট করা হয়।

জানতে চাইলে ইউজিসির গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক বলেন, ‘দেশে কিছু বিশ্ববিদ্যালয় ও স্টাডি সেন্টার রয়েছে যারা বিদেশি; তারা    সরকার কর্র্তৃক অনুমোদিত নয়। সে সব বিশ্ববিদ্যালয়ের কোনো ডিগ্রি গ্রহণ করা হবে না।’ উচ্চ আদালতের রিটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘হাইকোর্টে রিটের বিষয়টি আমাদের জানা নেই, খোঁজ নিয়ে দেখা হবে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত