নুসরাতকে নিয়ে সিনেমা বানাতে চান ঝন্টু, পরিবারের ' না '

আপডেট : ১৯ মে ২০১৯, ০২:৩১ এএম

ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনা নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা প্রকাশ করেছেন চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। নির্মিতব্য এই সিনেমার নামও তিনি রাখতে চান ‘নুসরাত’। তবে নুসরাতের পরিবারের পক্ষ থেকে সিনেমা বানানোর ব্যাপারে নিষেধ করা হয়েছে।

নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের পরিবারের সঙ্গে কয়েকজন চলচ্চিত্র পরিচালক ও নাট্য পরিচালক যোগাযোগ করেছেন। তবে বিষয়টি আমরা না করেছি।’

নুসরাতের মা শিরিন আক্তার বলেন, ‘শুনতেছি কেউ কেউ নাকি আমার মেয়েকে নিয়ে নাটক ও সিনেমা বানানোর প্রস্তুতি নিয়েছেন। দয়া করে আমার মেয়েকে নিয়ে কেউ সিনেমা বা নাটক বানাবেন না। আমার মেয়েকে নিয়ে অনেকে ওয়াজ ও গজল বানিয়েছেন। আরও বানাতে পারেন, কিন্তু কোনো সিনেমা বা নাটক বানিয়ে আমার মেয়ের আত্মাকে কষ্ট দেবেন না।’ তিনি আরও বলেন, ‘আমরা জীবিত অবস্থায় নুসরাতের খুনিদের বিচার দেখে যেতে চাই। তা হলে আমার মেয়েটির আত্মা শান্তি পাবে।’

এ ব্যাপারে জানতে চাইলে পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু দেশ রূপান্তরকে বলেন, ‘নুসরাতের পরিবারের নিষেধ করা সম্পর্কে আমি কিছুই জানি না। তা ছাড়া আমরা এখনো সিনেমা বানানো নিয়ে নুসরাতের পরিবারের সঙ্গে যোগাযোগও করিনি। ঘটনাটি যেহেতু এখনো আদালতে বিচারাধীন, তাই আমরা আগে আদালতের অনুমতি চাইব। অনুমতি মিললে পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করব। পরিবার সম্মতি না দিলে কেন সিনেমা বানাব?’

এর আগে গত বুধবার সিনেমা বানানোর আগ্রহ প্রকাশ করে দেলোয়ার জাহান ঝন্টু গণমাধ্যমকে বলেছিলেন, ‘নুসরাত জাহান রাফি হত্যার বিষয়টি দেশের আলোচিত একটি ঘটনা। নুসরাতের জন্য সারা দেশের মানুষ কেঁদেছে। তা ছাড়া এ ধরনের হত্যার ঘটনায় দোষীদের যে নির্মম শাস্তি হয় সেটা আমি সিনেমায় তুলে ধরব, যেন এমন অপরাধ করতে আর কেউ সাহস না পায়। নিজের দায়িত্ববোধ থেকেই এ ছবিটি নির্মাণ করব আমি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত