ঠাকুরগাঁও পৌরসভার আশ্রমপাড়া পৌর শিশু পার্কে ঝড়ে গাছ পড়ে শহীদ মিনারটি ভেঙে যাওয়ার এক মাসের বেশি সময় পার হলেও গাছটি সরানো হয়নি। পৌরসভা বলছে, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বন বিভাগকে লিখিতভাবে জানানো হয়েছে। আর বন বিভাগ বলছে এ সংক্রান্ত কোনো চিঠি পায়নি তারা।
গত ১৬ এপ্রিল রাতে ঝড়ে পৌর শিশু পার্কের শহীদ মিনারের ওপর ভেঙে পড়ে একটি আমগাছ। এতে শহীদ মিনারটি ভেঙে যায়। এক মাসের বেশি সময় পরও শহীদ মিনার সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি পৌরসভা কর্তৃপক্ষ। আর ভেঙে পড়া গাছটি সেখানেই পড়ে আছে। এলাকাবাসী বলছেন এতে শিশুরা খেলাধুলাসহ বিভিন্ন ধরনের বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে।
পৌরসভার বাসিন্দা অধ্যাপক মনতোষ কুমার দে বলেন, ‘শহরের প্রাণকেন্দ্রে একটি শহীদ মিনার এতদিন ধরে ভেঙে পড়ে আছে তা ভাবতেও অবাক লাগছে।’
ওই এলাকার বাসিন্দা আলাল বলেন, ‘আমরা এলাকাবাসী একত্রিত হয়ে প্রায় এক মাস আগে পৌর মেয়র বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছি। মেয়র বলেছেন গাছ কাটার অনুমতি তাদের নেই। এটা বন বিভাগের সম্পত্তি।’
এ ব্যাপারে পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন বলেন, পৌরসভার পক্ষ থেকে বন বিভাগকে বিষয়টি লিখিতভাবে অবহিত করা হয়েছে। তাদের অনুমতি পেলে দ্রুত সময়ের মধ্যে দরপত্রের মাধ্যমে গাছ বিক্রি করে শহীদ মিনারের কাজ করা হবে। বন বিভাগ ঠাকুরগাঁও কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আকন্দ বলেন, ‘আশ্রমপাড়া শিশু পার্কের গাছের বিষয়ে কোনো চিঠি পাইনি। চিঠি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
