আবেদন করেননি অথচ চলচ্চিত্র নির্মাণের জন্য পেয়ে গেছেন সরকারি অনুদান! বরাদ্দ হয়েছে ৬০ লাখ টাকা। ২০১৮-১৯ অর্থবছরের সরকারি অনুদান পেয়েছেন শমী কায়সার। গতকাল থেকে গণমাধ্যমে এমন খবর প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুদান কমিটির সদস্য পরিচালক মোরশেদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আমরা জানি না কে কীভাবে এসব নিউজ করছেন। অনেকেই শমী কায়সারের বক্তব্যও দিচ্ছেন। অথচ আমি নিজে শমীর সঙ্গে কথা বলেছি। সে আমাকে বলেছে আবেদন করেননি, এমন কথা কাউকে বলেননি। আর বলবেন কী করে, আবেদনের সব কাগজ আমরা পরীক্ষা করেই অনুদান দিয়েছি। আবেদন না করেই অনুদান পেলেন শমী কায়সার, কথাটি সত্য নয়।’ শমী কায়সারকে মোবাইলে ফোন করা হলে তাকে পাওয়া যায়নি। চলচ্চিত্র নির্মাণে প্রদেয় অনুদানের বিষয়ে শেষ সভায় গত ১৪ মে আট ছবির সঙ্গে যোগ করা হয় চলচ্চিত্র ‘স্বপ্ন মৃত্যু ভালোবাসা’। সিনেমাটি অভিনেত্রী শমী কায়সারের নামেই অনুদান পেয়েছে। এর আগে প্রাথমিকভাবে আটটি পূর্ণদৈর্ঘ্য ছবিকে দেওয়া হয় সরকারি অনুদান।
২০১৮-১৯ অর্থবছরের জন্য প্রাথমিকভাবে আটটি পূর্ণদৈর্ঘ্য ছবিকে দেওয়া হয় সরকারি অনুদান। এর মধ্যে একটি শিশুতোষ চলচ্চিত্র, দুটি পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র এবং পাঁচটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রকে অনুদান দেওয়া হয়েছে।
