নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূর হোসেন অন্য আটটি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন। এদিন তিনটি মামলায় সাক্ষ্যগ্রহণের নির্ধারিত তারিখ থাকলেও কোনো সাক্ষী আসেনি। আদালত আগামী ১৯ আগস্ট পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছে।
গতকাল রবিবার সকালে কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে নূর হোসেনকে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানার আদালতে হাজির করা হয়। আদালতে নূর হোসেনের পক্ষে ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) জাসমিন আহমেদ দেশ রূপান্তরকে জানান, অস্ত্র, মাদক, চাঁদাবাজিসহ আটটি মামলায় হাজিরা দিতে নূর হোসেনকে আদালতে আনা হয়েছিল। কিন্তু কোনো সাক্ষী এদিন আদালতে আসেনি।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামসহ আলোচিত সাত খুন মামলায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ২০১৭ সালের ১৬ জানুয়ারি রায় ঘোষণা করে। রায়ে ২৬ জনকে মৃত্যুদণ্ড ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। গত বছর ২২ আগস্ট হাইকোর্টের রায়ে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল থাকে। ১১ জনকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া নিম্ন আদালতে ৯ জনকে দেওয়া বিভিন্ন মেয়াদের কারাদণ্ড বহাল রাখে হাইকোর্ট।
হাইকোর্টের দেওয়া মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে এরই মধ্যে প্রধান চার আসামি আপিল বিভাগে আবেদন করেছেন। তারা হলেন, র্যাব-১১ এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক মোহাম্মদ সাঈদ, সাবেক কোম্পানি কমান্ডার মেজর (অব.) আরিফ হোসেন, লে. কমান্ডার (চাকরিচ্যুত) এম মাসুদ রানা, সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা নূর হোসেন।
