ধানের যৌক্তিকমূল্য নিশ্চিত ও পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে দুদিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। ২১ মে মঙ্গলবার দেশব্যাপী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি ও ২৩ মে বৃহস্পতিবার সারা দেশে ইউনিয়ন পর্যায়ের হাট-বাজারে মানববন্ধন করবে দলটি। গতকাল রবিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘সরকার নিজেদের লোকদের টাকা লুটের সুযোগ করে দিতেই ধানের ন্যায্যমূল্য থেকে কৃষকদের বঞ্চিত করেছে।’
তিনি বলেন, ‘সরকার নির্ধারিত মূল্যে ধান না কিনে কৃষককে মধ্যস্থতাকারীদের কাছে জিম্মি করে ফেলেছে। দেশের পুঁজিপতিরা বিশাল ঋণ মওকুফ পাচ্ছে, হাজার হাজার কোটি টাকা লুট করে খাচ্ছে, মেগা প্রকল্পের নামে দেশজুড়ে হরিলুট চলছে অথচ ১৭ কোটি মানুষের খাদ্যের জোগানদাতা অসহায় কৃষকদের ভর্তুকি দেয়া হচ্ছে না।’
‘কৃষকদের মধ্যে চরম অসন্তোষ থাকলেও ধানের দাম বাড়ানোর সুযোগ আপাতত সরকারের হাতে নেই’Ñ খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘আগের রাতের ভোটের সরকারের মন্ত্রীর কাছ থেকে এরকম গণবিরোধী বক্তব্য ছাড়া আর কিছু আশা করা যায় না।’
রিজভী বলেন, ‘সরকার প্রতি মণ ধান কেনার জন্য ১ হাজার ৪০ টাকা প্রদান করলেও কৃষকের হাতে যাচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকা। বাকি টাকা চলে যাচ্ছে স্থানীয় আওয়ামী লীগের নেতা, মিল মালিক এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পকেটে। এ নিয়ে সারা দেশে তীব্র ক্ষোভের সৃষ্টি হলেও সরকারের টনক নড়ছে না।’
