মাদারীপুরে ভ্যানে ট্রাকের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে লাবণী আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মা সোনিয়া আক্তার ও বাবা হাফিন আকন। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মস্তফাপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। তাদের বাড়ি রাজৈর উপজেলার রাজৈর গ্রামে। মস্তফাপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন তারা।
মাদারীপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) সিরাজুল হক সরদার জানান, বরিশাল থেকে ফরিদপুরগামী একটি ট্রাক মস্তফাপুর বাসস্ট্যান্ড দিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা একটি ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানে মায়ের কোলে থাকা শিশু লাবণী ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনায় তার মা ও বাবা আহত হন। তাদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাফিনের অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয় বলেও জানান ওসি।
গোবিন্দগঞ্জ থানার এসআই শাহীনুর শিশির জানান, গতকাল সকালে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাগদা ফার্ম এলাকায় ট্রাক ও অটোভ্যানের সংঘর্ষে শফি আলম (১৭) নামে অটোচালক নিহত হয়। সে উপজেলার ঘোড়ামারা এলাকার ফজল হকের ছেলে। ট্রাকচালক পালিয়ে যায়।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, গতকাল দুপুরে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাক আলমডাঙ্গার দিকে যাচ্ছিল। পিটিআই মোড় এলাকায় পৌঁছলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এ সময় উঠোনে থাকা বাড়ির মালিক সাইদুর রহমান (৬৫) ট্রাকের চাকায় পিষ্ট হন। জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চালকের অবস্থা গুরুতর। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। নিহত সাইদুর ওই এলাকার মৃত শাহাজাহান আলীর ছেলে ও অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক।
এদিকে কেন্দুয়া থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, গতকাল দুপুরে উপজেলার চন্দ্রগাতী মোড়ে ইজিবাইক উল্টে তোফায়েল (১৮) নামে এক কলেজছাত্র নিহত হন। এ সময় আহত হয়েছে অলি হাসান (২) নামে আরেক শিশু। তোফায়েল কেন্দুয়া সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র। উপজেলা শহর থেকে নিজ বাড়ি কান্দিউড়া ইউনিয়নের ব্রাহ্মণজাত গ্রামে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। প্রতিবেদন তৈরিতে প্রতিনিধিদের পাঠানো তথ্য ব্যবহার করা হয়েছে।
