সংখ্যার হিসেবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা হুয়াউইয়ের ফোনে বেশ কিছু আপডেট বন্ধ করে দিয়েছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নির্মাতা গুগল। এর ফলে চলতি বছরের শেষের দিকে যে নতুন সংস্করণের অ্যান্ড্রয়েড বাজারে আসবে হুয়াউই ফোন ব্যবহারকারীদের সেটি ব্যবহার করতে না পারার আশঙ্কা তৈরি হয়েছে।
তবে গুগলের এমন বিতর্কিত সিদ্ধান্তের পর নিজস্ব অপারেটিং সিস্টেম ‘হেংমেং’ খুব শিগগির বাজারে আনার ঘোষণা দিয়েছে হুয়াউই। গুগল এমন কিছু করতে পারে এই সন্দেহে গত ৬ বছর ধরে হেংমেং-এর উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে গুগলের ভাষ্য, তারা কেবল নির্দেশনা অনুসরণ করছে। পাশাপাশি এর প্রয়োগ খতিয়ে দেখছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন সম্প্রতি এই চীনা স্মার্টফোন ব্র্যান্ডটিকে তাদের ‘এনটিটি লিস্টে’ অন্তর্ভুক্ত করেছে। তার মানে হুয়াউইয়ের সঙ্গে কোনো মার্কিন প্রতিষ্ঠানের ব্যবসা করতে হলে বিশেষ লাইসেন্সের প্রয়োজন হবে।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, যারা ইতোমধ্যেই হুয়াউই স্মার্টফোন ব্যবহার করছেন, তারা যথারীতি অ্যাপ ইনস্টল ও আপডেট দিতে পারবেন। তবে বছরের শেষের দিকে গুগল যখন নতুন সংস্করণের অ্যান্ড্রয়েড বাজারে ছাড়বে, সেটি হুয়াউই ফোনে ব্যবহার করতে পারবেন কি না তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। এ ছাড়া ভবিষ্যতের হুয়াউই ফোনগুলোতে গুগল ম্যাপস বা ইউটিউব অ্যাপ ব্যবহার না-ও করা যেতে পারে।
সিএসএস কনসালট্যান্সির বিশ্লেষক বেন উডের মতে, গুগলের এই সিদ্ধান্ত হুয়াউইয়ের ভোক্তাপণ্য ব্যবসায় ব্যাপক প্রভাব ফেলবে।
গুগলের সিদ্ধান্তের ফলে পশ্চিমে সাময়িকভাবে বড় ধরনের ব্যবসায়িক ক্ষতির মুখে পড়বে হুয়াউই। কারণ যারা নতুন অ্যান্ড্রয়েড ফোন কিনবেন তারা স্বাভাবিকভাবেই চাইবেন না যে, সেই ফোনে গুগল প্লে স্টোর থাকবে না।
এদিকে গুগলের পাশাপাশি মার্কিন কয়েকটি কোম্পানি হুয়াউইয়ের জন্য যন্ত্রাংশ বানানো বন্ধ করে দেবে বলেও জানিয়েছে। ইন্টেল, কোয়ালকম, ব্রোডকম জানিয়েছে, তারা হুয়াউইয়ের কাছে যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করে দেবে।
বিবিসি বলছে, গত বুধবার মার্কিন প্রশাসনের এনটিটি লিস্টে নাম ওঠার পরপরই প্রতিক্রিয়া জানায় হুয়াউই। ওইদিন এনটিটি লিস্ট প্রকাশ করার পরই প্রতিষ্ঠানটির প্রধান বলেন, তার প্রতিষ্ঠান এমন পরিস্থিতির জন্য ইতোমধ্যেই প্রস্তুতি নিচ্ছিল। তিনি বলেন, হুয়াউই এখন থেকে নিজেদের যন্ত্রাংশ নিজেরাই তৈরি করার দিকে মনোযোগ দেবে। এ ছাড়া হুয়াউই নিজস্ব অ্যাপস্টোর তৈরি করার বিষয়ে কাজ করছে বলে জানান তিনি।
