প্রয়াত অতিরিক্ত আইজিপি রৌশন আরা ছিলেন পুলিশের একজন উজ্জ্বল নক্ষত্র। তিনি নিজেকে একজন দৃঢ়চেতা, চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত করেছেন। আমরা সাহসী এক পুলিশ কর্মকর্তাকে হারিয়েছি যার শূন্যতা পূরণ হওয়ার নয়। গতকাল সোমবার বিকেলে রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এ কথা বলেন।
অনুষ্ঠানে র্যাবের মহাপরিচালক ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. বেনজীর আহমেদ, সাধারণ সম্পাদক প্রলয় কুমার জোয়ার্দার, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় পুলিশের কর্মকর্তারা রৌশন আরা বেগমের পুলিশ বাহিনীতে দীর্ঘ ৩১ বছরের চাকরি জীবনের স্মৃতিচারণ করেন। সভার শুরুতে তার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
স্মৃতিচারণ করতে গিয়ে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘আমি আমার বন্ধুকে হারিয়েছি; যে ছিল একজন প্রচণ্ড আত্মবিশ্বাসী অফিসার।’ সভাপতির বক্তব্যে বেনজীর আহমেদ বলেন, ‘রৌশন আরা ছিলেন বাংলাদেশ পুলিশের প্রথম নারী পুলিশ সুপার। তিনি পুলিশের নারী সদস্যদের জন্য রোল মডেল।’
গত ৫ মে কঙ্গোতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হন অতিরিক্ত আইজিপি রৌশন আরা বেগম। সেখানে তিনি শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ নারী আর্মড পুলিশ ইউনিটের মেডেল প্যারেডে অংশ নিতে যান।
