বিএনপি ধার করা নেতৃত্ব দিয়ে চলছে : তথ্যমন্ত্রী

আপডেট : ২১ মে ২০১৯, ০৪:২৪ এএম

বিএনপি ধার করা নেতৃত্ব দিয়ে চলছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘তারেক রহমান দণ্ডপ্রাপ্ত আসামি, পলাতক আসামি। দেশের বাইরে থেকে দলের নেতৃত্ব দেওয়া সহজ নয়। ফলে সিদ্ধান্তহীনতার কারণে বিএনপি দৈন্যদশায় আছে। ধার করা নেতৃত্ব দিয়ে চলছে বিএনপি।’ গতকাল সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় এসব কথা বলেন তিনি। সর্বশেষ জাতীয় নির্বাচনে বিএনপি মনোনয়ন-বাণিজ্য করেছে অভিযোগ করে তথ্যমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেও করেনি। তারা নির্বাচনে অংশ নিলেও মাঠে তৎপর ছিল না। তাদের কোনো প্রচারণা ছিল না, অনেক কেন্দ্রে এজেন্ট দেয়নি। আর মনোনয়ন বাণিজ্য তো হয়েছেই। এক আসনে একাধিক প্রার্থী ছিল। মনোনয়ন বাণিজ্যের কারণে লেজেগোবরে হয়ে গেছে তাদের নির্বাচন। লন্ডন থেকে সেই মনোনয়ন-বাণিজ্যের সূত্রপাত। ঢাকাতেও বাণিজ্য হয়েছে। সোজা কথা, বিএনপি দৈন্যদশায় পৌঁছে গেছে।’

কারাবন্দি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি নেতাদের করা মন্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি নেতারা বলেছেন, খালেদা জিয়াকে বেঁচে থাকার জন্য জাউ খেতে হচ্ছে। এটা সঠিক তথ্য নয়। খালেদা জিয়ার জিহ্বায় কামড় লেগে ঘা হয়েছে। আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কথা বলে জেনেছি, তারাও একই কথা বলেছে। অসতর্ক অবস্থায় যে-কারও জিহ্বায় কামড় লাগতে পারে। এটা কোনো রোগ নয়।’

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুর্নীতি নিয়ে এক প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, ‘পত্রপত্রিকায় এ বিষয়ে তথ্য আসার পর দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত