মাত্রই শেষ হলো ভারতের লোকসভা নির্বাচন। এই নির্বাচনের ওপিনিয়ন পোল, এক্সিট পোলের সঙ্গে ঐশ্বরিয়া রাই বচ্চনের পুরনো প্রেমকে টেনে এনে অপমান করলেন অভিনেতা বিবেক ওবেরয়। গত ২০ মে লোকসভা নির্বাচনের ফলাফলের সঙ্গে প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের অতীত ও বর্তমান সম্পর্কের তুলনা টেনে সোমবার একটি নোংরা টুইট করেন বিবেক। এই টুইটের জন্য তাকে কড়া সমালোচনার মুখে পড়তে হয়। এই মিমে ঐশ্বরিয়ার সঙ্গে সালমানের প্রেমকে ওপিনিয়ন পোল, বিবেকের সঙ্গে সম্পর্ককে এক্সিট পোল ও অভিষেক বচ্চনের সঙ্গে বিয়েকে আসল ফলাফল বলে দেখানো হয়েছে। আর এই মিম প্রকাশ হতেই সমালোচনার ঝড় ওঠে নেট দুনিয়ায়।
নারীদের অপমান করে এমন রসিকতামূলক টুইট করায় মহারাষ্ট্র মহিলা কমিশন থেকেও বিবেককে নোটিস পাঠানো হয়। টুইট ভাইরাল হতেই সোনম কাপুর, ঊর্মিলা মাতন্ডকার ও মধুর ভান্ডারকর, জোয়ালা গুপ্তা, ঈশিতা যাদবের মতো বলিউড তারকারা বিবেক ওবেরয়ের টুইটকে ‘কুরুচিকর এবং নিম্নমানের পরিচয়’ বলে মন্তব্য করেন।
ধোপে টিকতে না পেরে বিতর্কিত টুইট মুছে ফেলে ক্ষমাও চেয়ে আরও একটি টুইট করে বিবেক লিখেছেন, ‘কিছু সময় নিজের কাছে কোনো জিনিস মজাদার ও ক্ষতিকারক না মনে হলেও, অপরের জন্য সেটা মজাদার নাও হতে পারে। বিগত ১০ বছর আমি দুস্থ মেয়েদের ক্ষমতায়নের জন্য কাজ করেছি। কোনো নারীকে অসম্মান করার কথা ভাবতেও পারি না।’
এরপর ফের একটি টুইটে বিবেক ওবেরয় লিখেছেন, ‘আমার রসিকতামূলক মিমের কারণে কোনো একজন নারীও বিরক্ত হন, তার প্রতিকারের ব্যবস্থা করা হয়েছে। দুঃখিত আমি। টুইটটি মুছে ফেলা হয়েছে।’
প্রসঙ্গত, সালমান খানের সঙ্গে ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে ২০০০ সালে। অনেক তিক্ততার মধ্যে ২০০২ সালে তাদের সেই সম্পর্ক ভেঙে যায়। এরপরই বিবেক ওবেরয়ের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্কে জড়ানোর খবর মেলে। যদিও এই সম্পর্কের কথা ঐশ্বরিয়া নিজে কখনো স্বীকার করেননি। ২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঐশ্বরিয়া রাই বচ্চন।
