বাংলাদেশে দারুণ মুগ্ধ অনিল কুম্বলে। ভারতের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি স্পিনার মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বের সমঝদার। ২০১৯ বিশ্বকাপকে সামনে রেখে বলছেন, ‘বাংলাদেশকে কোনোভাবে আর হালকাভাবে নেওয়ার উপায় নেই।’ কিন্তু এই দলটির ধারাবাহিকতার অভাব তার চোখে পড়ে খুব। তাই কুম্বলে ইংল্যান্ডের বিশ্বকাপের শেষ চারে বাংলাদেশকে দেখছেন না, ‘আমার মনে হয় না ওরা শেষ চারে খেলতে পারবে।’
ভারতের একটি ওয়েবসাইটের অনলাইন টেলিভিশনে গতকাল কুম্বলে বলছিলেন, ‘গত কয়েক বছর তারা সত্যি খুব ভালো করছে। মাশরাফী মোর্ত্তজা খুবই ভালো নেতা। দলটাকে গুছিয়ে রাখে সে। আর মাঠে সঠিক সিদ্ধান্ত নেয়। যখন সে নেতৃত্বে থাকে তখন ভিন্ন এক বাংলাদেশ দলকে দেখা যায়।’
এরপর দলটির খেলোয়াড় ধরে বিশ্লেষণে গেলেন কুম্বলে, ‘তামিম ইকবাল সম্ভবত এখনকার বিশ্বের শীর্ষ একজন ওপেনার। সে নিয়মিত রান করে যাচ্ছে ওপরে। সাকিব আল হাসান বিশ্বের শীর্ষ একজন অলরাউন্ডার। পাওয়ার প্লেতে তার ১০ ওভার বোলিং আর রান করা... ব্যাটে-বলে দুটোতেই বাংলাদেশের জন্য সে দারুণ। মুশফিকুর রহিম চমৎকার। ব্যাটসম্যান হিসেবে সে সেঞ্চুরি করছে, খেলার ফিনিশিং দিচ্ছে। মাহমুদউল্লাহর মান সম্পর্কে আমরা সবাই জানি।’
কিন্তু কুম্বলে আরও বলছেন, ‘তারা যখন নকআউট পর্বে যায় যেমন ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফি... কোনো কারণে নিজেদের খেলাটা দেখাতে পারে না। এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
বাংলাদেশের ফাস্ট বোলিংয়ে ঘাটতি দেখছেন কুম্বলে, ‘যেমনটা চাইতে পারেন তাদের ফাস্ট বোলাররা হয়তো তেমন মানের নয়।’ এর সঙ্গে সিনিয়র খেলোয়াড়দের ধারাবাহিকতার পাশে জুনিয়রদের অধারাবাহিকতাকে হুমকি হিসেবে দেখেন এই ক্রিকেটপণ্ডিত ‘সিনিয়র খেলোয়াড়রা নিশ্চিতভাবে ভালো করবে। লিটন দাস, সৌম্য সরকারের মতো জুনিয়ররা তাদের সামর্থ্য, ক্লাস সব দেখিয়েছে। কিন্তু তারা ধারাবাহিক নয়। বিশ্বকাপ একটা পারফরম্যান্সের আসর নয়। ভালো করতে চাইলে বাংলাদেশের ধারাবাহিকতা দরকার।’
ওখানে ঘাটতি দেখছেন বলেই এবারের বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশকে রাখতে পারছেন না কুম্বলে, ‘আমি বলছি ধারাবাহিকতা নিয়ে। তাদের ধারাবাহিকতা একটাই সমস্যা। ওয়েস্ট ইন্ডিজকে যেমন আমি শেষ চারে দেখি। কিন্তু ধারাবাহিকতার অভাবের কারণেই বাংলাদেশকে আমি সেমিফাইনালে দেখছি না।’
