বিশ্বকাপে সাফল্যের মূলমন্ত্র হবে ধারাবাহিকতা: লারা

আপডেট : ২২ মে ২০১৯, ০৯:৪৪ এএম

এবারের বিশ্বকাপে লিগভিত্তিক হওয়ায় অংশগ্রহণকারী দলগুলোকে প্রাথমিক পর্বেই খেলতে হবে নয়টি করে ম্যাচ। এরপর একে একে সেমি-ফাইনাল ও ফাইনাল। অর্থাৎ দীর্ঘ একটি আসর। এই ফরম্যাটের প্রতিযোগিতায় চূড়ান্ত সাফল্য পেতে হলে ধারাবাহিকতার কোনো বিকল্প নেই বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা।

বিশ্বকাপের বিগত আসরগুলোতে দুই-তিনটি ম্যাচ জিতলে নক-আউট পর্ব তথা সুপার এইট বা সুপার সিক্স বা কোয়ার্টার ফাইনালে যাওয়ার টিকিট মিলতো। কিন্তু এবারে লিগ পর্বে ম্যাচের সংখ্যা বেশি হওয়ায় সে সুযোগ থাকছে না। এবার সেমি-ফাইনালে উঠতে গেলে পুরো আসর জুড়ে ছন্দে থাকতে হবে দলগুলোকে। এমন অবস্থায় তুমুল ধারাবাহিকতাই দলকে সাফল্য এনে দিতে পারে বলে মনে করেন লারা।

“আমার মতে, বিশ্বকাপ জয়ের জন্য কোনো দলের যে গুণটা থাকা সবচেয়ে জরুরি, তা হলো ‘ধারাবাহিকতা’। একটি দলকে ম্যাচের পর ম্যাচ জিততে হবে। একইসঙ্গে টুর্নামেন্ট চলাকালে আত্মবিশ্বাস ধরে রাখতে হবে। শুধু ব্যাটিং কিংবা বোলিং দিয়ে আপনি ম্যাচ জিততে পারবেন না। দলটা ভারসাম্যপূর্ণ হতে হবে। প্রায় ৫০ দিনের একটা টুর্নামেন্ট চলবে। তাই ‘ধারাবাহিকতা’ একটা বিশাল ভূমিকা রাখবে। ছন্দ হারিয়ে ফেলার ঝুঁকি নেওয়ার সুযোগ নেই কোনো দলের।”

ক্রিকেটের সর্বোচ্চ টুর্নামেন্টের দ্বাদশ আসরের সম্ভাব্য চ্যাম্পিয়নের দৌড়ে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন লারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত