অদৃশ্য এক নায়ককে নিয়ে ১৯৮৭ সালে শেখর কাপুর নির্মাণ করেন ‘মিস্টার ইন্ডিয়া’। অনিল কাপুরের বিপরীতে ফ্যান্টাসি ছবিটিতে ছিলেন শ্রীদেবী। এ নায়িকার জীবদ্দশায় বেশ কয়েকবার গুজব উঠে সিক্যুয়েলের। তার মৃত্যুর এক বছর পরও সেই গুঞ্জন আবার উঠেছে।
তবে পরিচালক শেখর সরাসরি বলেন দিলেন, “ভুল বার্তা।”
শ্রীদেবীর স্বামী প্রযোজক বনি কাপুর ও অভিনেতা অনিল কাপুরের সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আর কোনো ‘মিস্টার ইন্ডিয়া’ হবে না। শ্রীদেবী নেই। তাকে ছাড়া এই ছবির কথা কল্পনা করাও অসম্ভব। যদি অনিল কাপুর রাজি হন, তবুও না। প্রযোজক বনি স্বপ্নেও ভাবেন না তার স্ত্রী ছাড়া সিক্যুয়েল হবে।
অনিল ও শেখর নতুন একটি ছবিতে যুক্ত হতে যাচ্ছেন। এই প্রসঙ্গে সূত্রটি জানায়, এটি ‘মিস্টার ইন্ডিয়া টু’ নয়। অনেক দিন ধরে অনিল ও শেখর আরেকটি ছবির পরিকল্পনা করছেন। বর্তমানে তারা ওয়েব সিরিজে কাজের কথা ভাবছেন।
তবে ‘মিস্টার ইন্ডিয়া টু’ প্রসঙ্গে পরিচালক বলেন, “এই ছবি নিয়ে কী হচ্ছে বা বনি কাপুরের ভাবনা কী আমি জানি না। আমি কখনো এই সিক্যুয়েল নির্মাণ করবো না। এখন শ্রীবেদী নেই, তাই সেই প্রশ্নও আসে না।”
