নদীতীর দখল ও দূষণ রোধে প্রতি মাসে এক দিন নদীতে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছেন নৌপরিবহন সচিব আবদুস সামাদ। তিনি বলেন, ‘এক্ষেত্রে নদীর সঙ্গে সংশ্লিষ্ট পরিবেশবিদ ও নদী রক্ষা আন্দোলনকারীদের স্বেচ্ছায় অংশগ্রহণ করতে হবে। সবার সমন্বিত উদ্যোগে নদীকে আমরা সুরক্ষা করতে পারব।’ গতকাল মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকার চারপাশে নদী দখল ও দূষণ রোধ কার্যক্রম চলমান রাখা সংক্রান্ত এক সভায় এসব কথা বলেন তিনি।
সচিব বলেন, ‘শিল্পবর্জ্য দূষণ রোধে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ করা হবে। নদীকে দূষণ করে কোনো কিছু করা যাবে না। নদীতে শিল্পবর্জ্য, মেডিকেল বর্জ্যসহ অন্য যেকোনো ধরনের বর্জ্য ফেলা বন্ধ করতে হবে।’
বৈঠকে জানানো হয়, সরকার নদী দখল ও দূষণ রোধে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্র্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) গত ২৯ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ঢাকা ও নারায়ণগঞ্জ নদীবন্দরের আওতাধীন এলাকায় ৪ হাজার ১৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ১১৩ একর জমি উদ্ধার করেছে। নদীতীর রক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে।
সভায় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর এম মাহবুব উল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
