উত্তরায় ওয়াসার মডস জোনে অভিযান

পানি বিক্রিতে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পেল দুদক

আপডেট : ২৩ মে ২০১৯, ০১:৫৯ এএম

রাজধানীর উত্তরায় ওয়াসার কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে ট্রাক দিয়ে পানি সরবরাহ করে গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পেয়েছে দুদকের দল। এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, ঢাকা ওয়াসার উত্তরার মডস জোন-৯-এ অভিযান পরিচালনা করা হয়। দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক শেখ গোলাম মাওলার নেতৃত্বে পুলিশসহ পাঁচ সদস্যের দল গতকাল বুধবার এই অভিযান পরিচালনা করে। দুদক দল নির্বাহী প্রকৌশলীর দপ্তরে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে আসা চাহিদা রেজিস্টার যাচাই করে ও বেশ কিছু গ্রাহকের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে।

পানি বহনকারী ট্রাকের দুই কর্মচারী গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করেছেন মর্মে তথ্য পাওয়া যায়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাহী প্রকৌশলী রিয়াজ উদ্দিন জ্যেষ্ঠ কর্র্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন। তিনি এ অনৈতিক কর্ম প্রতিহত করতে মনিটরিং কার্যক্রম জোরদার করবেন বলে দুদক দলকে নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত