জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মৌণিতা খান ঈশানা। ঈদের নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। প্রচার-চলতি ধারাবাহিকের ব্যস্ততাও রয়েছে। সমসাময়িক বিভিন্ন বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
কাজে তার ক্লান্তি নেই
ঈদের নাটকের জন্য টানা কয়েক মাস ধরে শ্যুটিং করছি। রোজা রেখেও কাজ করতে হচ্ছে। আমি অভিনয়কে খুব ভালোবাসি। আমার কাজটাকে সম্মানও করি। তাই যতই কষ্ট হোক না কেন, অভিনয়ে কোনো ক্লান্তি আসে না।
ঈদের নাটক...
এরই মধ্যে বেশ কিছু খন্ড নাটক ও ঈদের সাত পর্বের ধারাবাহিকে কাজ করেছি। কয়টা প্রচার হবে তা এখনো নির্দিষ্ট করে বলতে পারছি না। তবে চেষ্টা করেছি নাটকগুলোতে যেন বৈচিত্র্য থাকে। অভিনয়েও ভিন্নতা আনার চেষ্টা করেছি। কারণ বারবার একই ধরনের গল্পে একই অভিনয় দেখলে দর্শক বিরক্ত হয়।
প্রচার-চলতি ধারাবাহিক
গত ফেব্রুয়ারির শেষের দিকে নতুন একটি ধারাবাহিক নাটকের শ্যুটিং শুরু করছি। এস এম রুবেল রানার পরিচালনায় এই ধারাবাহিকটির নাম ‘মুশকিল আসান’। কমেডিনির্ভর এই নাটকে আমার সহশিল্পী মীর সাব্বির। এ ছাড়া এখন দুটি চ্যানেলে আমার অভিনীত দুটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। এর মধ্যে দীপ্ত টিভিতে ‘খলনায়ক’ আর নাগরিক টিভিতে ‘এক পা দো পা’ প্রচার হচ্ছে। ‘খলনায়ক’-এ আমার বিপরীতে আছেন তানভীর। আর ‘এক পা দো পা’য় আমি অভিনয় করছি অপূর্বর সঙ্গে। দুটি ধারাবাহিকেই বেশ ভালো সাড়া পাচ্ছি। শেষ নাটকটির পরিচালক ফেরদৌস রানা।
চলচ্চিত্রে...
আসলে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা থেকে বেরোনোর পরপরই আমার কাছে ভালো একটি সিনেমার প্রস্তাব এসেছিল। এ জন্য আমি প্রায় এক বছর কোনো নাটকও করিনি। কিন্তু আমার ভাগ্য খারাপ। প্রথমে আমার সহশিল্পী পরিবর্তন হলো, এরপর চিত্রনাট্যে পরিবর্তন এলো, শেষমেশ পরিচালকও বদলে গেল। তাই আমি আর কাজটি করিনি। পরে অবশ্য সিনেমাটিই আর হয়নি। এ জন্য সিনেমা নিয়ে আমি খুবই সচেতন এখন। এ পর্যন্ত নাটকের চেয়ে বেশি সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। এখন আমি নাটক নিয়েই সন্তুষ্ট আছি।’ তিনি আরও বলেন, ‘বর্তমানে আমাদের দেশে অনেক ভিন্ন গল্পের ভালো ভালো ছবি হচ্ছে। আমি নিজেও বন্ধুবান্ধব নিয়ে হলে গিয়ে ছবি দেখছি। তাই চলচ্চিত্রে অভিনয়ের আগ্রহ অনেক বেড়ে গেছে।
