এসএসসি ও এইচএসসি পরীক্ষা

উত্তরপত্র পুনর্মূল্যায়নের বিধান প্রণয়ন কেন নয় : হাইকোর্ট

আপডেট : ২৪ মে ২০১৯, ০২:৩৯ এএম

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নে প্রয়োজনীয় বিধান কেন প্রণয়ন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। পাশাপাশি এ বিষয়ে বিধান না থাকা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

জনস্বার্থে করা এ সংক্রান্ত একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার শুনানি নিয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে। দুই সপ্তাহের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট ২১ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, আইনুন নাহার সিদ্দিকা ও শিকদার মাহমুদ রাজি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

আদেশের পর শিকদার মাহমুদ রাজি দেশ রূপান্তরকে বলেন, ‘পরীক্ষা পরিচালনা সংক্রান্ত প্রবিধানের ৮১ নম্বর বিধি অনুযায়ী, এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের কোনো সুযোগ নেই। শুধু পুনঃনীরিক্ষার আবেদন করা যায়। ফলে উত্তরপত্রের নম্বরের বিষয়টিকে চ্যালেঞ্জ করার সুযোগ থাকলেও খাতা পুনর্মূল্যায়নের সুযোগ পাচ্ছেন না শিক্ষার্থীরা। বিষয়টি চ্যালেঞ্জ করে আমি ও আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা গত ১৪ মে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিট আবেদন করি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত