আলীগড় বিশ্ববিদ্যালয়ে থাকবে না জিন্নাহর ছবি: বিজেপি নেতার ঘোষণা

আপডেট : ২৪ মে ২০১৯, ০৪:৪৩ পিএম

ভারতের বিখ্যাত আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে মোহাম্মদ আলি জিন্নার ছবি সড়ানোর ঘোষণা দিলেন বিজেপি নেতা সতীশ কুমার গৌতম।

লোকসভা নির্বাচনে আলিগড় কেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো জয়লাভ করার পরে এমনটা জানালেন তিনি।

টাইমস অব ইন্ডিয়া জানায়, শুক্রবার নবনির্বাচিত বিজেপি প্রার্থী সতীশ এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেন, “আমার প্রথম কাজ হবে আলিগড় বিশ্ববিদ্যালয়ের তালাবন্ধ ঘর থেকে মোহাম্মদ আলি জিন্নার প্রতিকৃতিটি পাকিস্তানে ফেরত পাঠানো।”

আলিগড় লোকসভা কেন্দ্র থেকে ৬ লাখ ৫৬ হাজারেরও বেশি ভোটে জয়লাভ করেছেন সতীশ কুমার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বহুজন সমাজ পার্টির প্রার্থী অজিত বালিয়াঁ। তিনি পেয়েছেন ৪ লাখ ২৬ হাজারেরও বেশি ভোট।

২০০৪ সালে এই আসনে জয়ী হয় কংগ্রেস। তবে ২০০৯ সালে বহুজন পার্টির কাছে হারে তারা। ২০১৪ সালে তাদেরকে হারিয়ে প্রথমবারের মতো এ আসন জিতে নেয় বিজেপি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত