জলবায়ু পরিবর্তন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বিশ্বের অন্তত ১১০টি দেশে ধর্মঘটের ডাক দিয়েছে স্কুলছাত্ররা। ধর্মঘটের আয়োজকরা এই প্রতিবাদে দশ লাখেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণ আশা করছেন বলে জানিয়েছে বিবিসি।
শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বের রাজনীতিক ও ব্যবসায়ীদের অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি কমাতে এখনই এগিয়ে না এলে পৃথিবীর মানুষের জন্য ভয়াবহ দুর্যোগ অপেক্ষা করছে বলেও তারা মনে করে।
২০১৮ সালে সুইডেনের পার্লামেন্টের বাইরে প্রথম জলবায়ু পরিবর্তন নিয়ে প্রতিবাদ করে গ্রেটা থুনবার্গ। ১৫ বছর বয়সী ওই শিক্ষার্থীর দেখানো পথ ধরেই এই ধর্মঘটের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। গ্রেটার প্রতিবাদ ইউরোপজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
গত ১৫ মার্চ প্রথমবারের মতো জলবায়ু ইস্যুতে সম্মিলিত বিক্ষোভ হয়। ওই বিক্ষোভে বিশ্বের ১২৫টি দেশের প্রায় ১৬ লাখ শিক্ষার্থী রাস্তায় নেমে আসে। কিন্তু ওইদিনই নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার ঘটনায় বিশ্ব মিডিয়ায় তেমন করে দেখা যায়নি জলবায়ু বিক্ষোভের চিত্র। জাতিসংঘের জলবায়ুবিষয়ক এক কমিটির মতে, গত বছর বিশ্বে সর্বাধিক পরিমাণ কার্বন নির্গমনের ঘটনা ঘটেছে। চলতি মাসের শুরুতে জাতিসংঘের অপর এক রিপোর্টে বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের দশ লাখের বেশি প্রজাতি বিলুপ্তির হুমকির মধ্যে রয়েছে।
