রাজধানীর উত্তরা থেকে অস্ত্র ও গুলিসহ ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল সকালে ইয়াছিন, ইব্রাহিম ও মুসা নামের ওই তিনজনকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহা দেশ রূপান্তরকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল ১০টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৫ নম্বর রোডের একটি বাসা থেকে তাদের আটক করা হয়। এরা একটি ডাকাত দলের সদস্য। এদের মধ্যে ইয়াছিনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা হয়েছে।
ওসি জানান, এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি খেলনা পিস্তল, একটি ওয়াকিটকিসদৃশ বস্তু ও ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পেরেছি, তারা পুলিশ পরিচয়ে দীর্ঘদিন ধরে উত্তরার বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতি কর্মকাণ্ড করে বেড়াত। আরও জিজ্ঞাসাবাদের জন্য আজ আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।
