ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় শ্রেণির এক স্কুলশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাচ্চু মিয়া নামে এক ডাব বিক্রেতার বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলাটি করেন।
আটক বাচ্চু মিয়া জেলা শহরের শিরাইলকান্দি এলাকার দক্ষিণপাড়ার বাসিন্দা। তিনি পার্শ্ববর্তী পাওয়ার হাউস রোড এলাকায় ডাব বিক্রি করতেন। এর আগে গত শনিবার বিকেলে ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ তাকে আটক করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান জানান, পাওয়ার হাউস রোড এলাকার তোফায়েল আজম কিন্ডারগার্টেনের সামনে ডাব বিক্রি করেন বাচ্চু মিয়া। শনিবার বিকেলে শিশুটি বাচ্চুর কাছ থেকে ডাব কিনতে গেলে তাকে একটি পরিত্যক্ত টিনের ঘরের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে বাচ্চু। কিন্তু রাস্তার পাশের ওই ঘরটিতে চেঁচামেচি শুরু করলে বাচ্চু শিশুটিকে ছেড়ে দেয়। পরে শিশুটি বাড়িতে গিয়ে মায়ের কাছে ঘটনা খুলে বলে। খবর পেয়ে সদর থানার পুলিশ বাচ্চুকে আটক করে নিয়ে যায়।
