রোহিঙ্গা হত্যায় দণ্ডিত ৭ সেনার আগাম মুক্তি

আপডেট : ২৭ মে ২০১৯, ১১:৫২ পিএম

রাখাইন রাজ্যে ২০১৭ সালে ১০ রোহিঙ্গাকে হত্যার ঘটনায় সাজাপ্রাপ্ত সাত সেনা সদস্যকে আগাম মুক্তি দিয়েছে মিয়ানমার। ১০ বছরের সাজা হলেও কারাবন্দি হওয়ার সাত মাসের মাথায় তাদেরকে মুক্তি দেওয়া হয়।

গতকাল সোমবার দুই কারা কর্মকর্তা, দুই সাবেক কারাবন্দি ও এক সেনা সদস্যকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি জানিয়েছে।

২০১৭ সালের সেপ্টেম্বরের শুরুর দিকে রাখাইনের উত্তরাঞ্চলীয় গ্রাম ইনদিনে সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধ জাতীয়তাবাদীরা ১০ রোহিঙ্গাকে গুলি করে হত্যা করে। তাদের রাখা হয় গণকবরে। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে কর্র্তৃপক্ষ রয়টার্সকে জানায়, ঘটনার অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে মিয়ানমারের সেনাবাহিনী। সেই তদন্তের ভিত্তিতে গত বছরের এপ্রিলে দোষী সাব্যস্ত ৭ সেনাকে কারাদণ্ড দেয় মিয়ানমারের সেনাবাহিনী।

সাজাপ্রাপ্ত ওই সেনা সদস্যরা আগাম মুক্তি পেয়ে গেছেন।  ওই সেনা সদস্যদের সঙ্গে কারাগারে ছিলেন এমন সাবেক দুই বন্দি রয়টার্সকে জানান, দোষী সাব্যস্ত সেনা সদস্যরা গত বছরের নভেম্বরে মুক্তি পেয়েছেন। ১০ বছরের কারাদণ্ডের মধ্যে এক বছরেরও কম সময় সাজা ভোগ করেছেন তারা। রাখাইনের সিত্তে কারাগারের প্রধান ওয়াড্রেন উইন নাইং এবং নেপিদোর এক জ্যেষ্ঠ কারা কর্মকর্তা নিশ্চিত করেছেন, ১০ রোহিঙ্গা হত্যায় দোষী সাব্যস্ত ওই সেনা সদস্যরা কয়েক মাস ধরে কারাগারে নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত