সেই আফগানদের সহজেই হারাল ইংল্যান্ড

আপডেট : ২৮ মে ২০১৯, ১২:১২ এএম

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বার্তা দিয়েছিল আফগানিস্তান। তবে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে পাত্তাই পেল না দলটি। বিশ্বকাপের স্বাগতিকেরা তুলে নিয়েছে ৯ উইকেটের দাপুটে জয়। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ইংলিশরা।

সোমবার ওভালে টস জিতে আফগানিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। ৩৮.৪ ওভারে ১৬০ রানেই গুটিয়ে যায় আফগানরা। জবাবে ১৭.৩ ওভারে মাত্র ১ উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে ফেলে ইংল্যান্ড।

শুরু থেকেই আফগান ব্যাটিং ছিল এদিন ছন্নছাড়া। ওপেনিংয়ে নুর আলি জাদরান ৩০ রান করেন। এ ছাড়া টপ ও মিডল অর্ডারে অন্য কেউই ভালো করতে পারেননি।

আটে নেমে মোহাম্মদ নবী খেলেছেন ৪৪ রানের ইনিংস। শেষ ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে দৌলত জাদরান খেলেছেন ২০ রানের ইনিংস। এই দুজনের কল্যাণেই ৯২ রানে ৮ উইকেট হারানোর পরও দেড় শ ছাড়ানো স্কোর পেয়েছে আফগানরা। ইংল্যান্ডের পক্ষে জফরা আর্চার ও জো রুট সর্বাধিক ৩টি করে উইকেট নেন।

জবাবে উদ্বোধনী জুটিতে ৭৭ রান যোগ করেন জেসন রয় ও জনি বেয়ারস্টো। ব্যক্তিগত ৩৯ রান করে ফেরেন বেয়ারস্টো। পরে জো রুটকে নিয়ে জয় তুলে মাঠ ছাড়েন জেসন রয়।

৪৬ বলে ১১ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৮৯ রান করেন রয়। আর ৩৭ বরে ৩ চারে ২৯ রান করেছেন রুট। আফগানদের পক্ষে একমাত্র উইকেটটি নিয়েছেন মোহাম্মদ নবী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত