শার্শায় ছেলে ও মেয়েকে মেরে মায়ের আত্মহত্যা!

আপডেট : ২৮ মে ২০১৯, ০২:৩৭ এএম

যশোরের শার্শায় ছেলে-মেয়েকে বিষ ট্যাবলেট খাইয়ে হত্যার পর এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে তার স্বজনদের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন তাদের খাবারে বিষ দিয়ে হত্যা করেছে। মৃতরা হলো উপজেলার কায়বা ইউনিয়নের চালিতাবাড়িয়া দীঘা গ্রামের চা দোকানি ইব্রাহীম হোসেনের স্ত্রী হামিদা খাতুন (৩৫), স্কুলপড়ুয়া মেয়ে শরিফা খাতুন (১১) ও ছেলে সোহান হোসেন (৪)। শার্শা থানার ওসি মশিউর রহমান জানান, গত রবিবার রাত ১২টার দিকের এ ঘটনায় হামিদার শ্বশুর আরাফাত হোসেন, শাশুড়ি মরিয়ম বেগম ও প্রতিবেশী ছিদ্দিক হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া বলা যাবে না। বিষয়টি রহস্যজনক বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে বলেও জানান তিনি। কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ পিংকু বলেন, ‘হামিদা ও তার শাশুড়ির সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। ছেলেমেয়ে নিয়ে আত্মহত্যায় শ্বশুরবাড়ির লোকজনের ইন্ধন থাকতে পারে।’ হামিদার বোন রহিমা খাতুন বলেন, ‘সন্তানসহ তার বোন আত্মহত্যা করেনি। তাদের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যা করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত