আশুলিয়ায় এক তরুণী দল বেঁধে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার ওই তরুণীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে চার বখাটে। এ ঘটনায় মামলার পর তরুণীর সৎবাবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো পিরোজপুরের সজীব হাওলাদার, রংপুরের মামুন শেখ, বরিশালের নুরে আলম, গাইবান্ধার হাবিব ও সৎ বাবা তাইজুল ইসলাম।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, গতকাল দুপুরে খালার অসুস্থতার কথা বলে তরুণীকে কৌশলে সৎ বাবা তাইজুলের সহযোগিতায় জিরাবো নিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে দল বেঁধে ধর্ষণ করে চার বখাটে। এ ঘটনায় তরুণী বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে কাঠগড়া ও জিরাবো এলাকা থেকে অভিযুক্তদের আটক করে পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠায়। তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।
