‘ধর্ষণ’ করতে গিয়ে খুন মা-ছেলে গ্রেপ্তার

আপডেট : ২৮ মে ২০১৯, ১১:৩০ পিএম

পাবনার ঈশ্বরদীতে মামিকে ধর্ষণ করতে গিয়ে খুন হন সাকিব হোসেন (২১) নামের এক যুবক। গতকাল মঙ্গলবার সকালে ঈশ্বরদী থানা পুলিশ চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের নেপথ্য তথ্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন। সাকিব উপজেলার চকনারিচা বাগবাড়িয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে। এ খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের মিলন হোসেনের স্ত্রী ও সাকিবের মামি বিলকিস আকতার বানু (৩৮) ও ছেলে বিপ্লব হোসেনকে (১৮) গ্রেপ্তার করা হয়েছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, গত ২৫ মে রাত সাড়ে ১২টার দিকে সাকিব হোসেন মামা মিলনের বাড়িতে গিয়ে মামি বিলকিস আকতারকে দরজা খুলতে বলেন। মামি দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে সাকিব ভেতরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় দুজনের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে বিলকিস তার ছেলে বিপ্লবকে ডাক দেন। বিপ্লব আরও ৪/৫ জনকে ডেকে নিয়ে সাকিবকে ধরে ফেলেন। পরে সবাই মিলে বালিশচাপা দিয়ে সাকিবকে হত্যা করে পার্শ্ববর্তী সাখাওয়াতের বাড়ির পাশে মরদেহ ফেলে রাখেন। গ্রেপ্তাররা পুলিশ ও আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেছেন। এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে প্রচেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সাকিব প্রায়ই মামি বিলকিসকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। ঘটনার ওইদিন তার মামা বাড়িতে ছিলেন না। পরদিন সকালে স্থানীয়রা মরদেহ দেখে থানায় খবর দিলে পুলিশ সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ওইদিনই ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা করেন সাকিবের বাবা। ওই মামলায় বিলকিস বানু ও তার ছেলেকে সন্দেহভাজন আসামি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত