ঢাকা মেডিকেলে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক

আপডেট : ৩০ মে ২০১৯, ০৪:০৫ এএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালসহ পাঁচ জেলায় বিশেষ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় হাসপাতালটির কয়েকটি পরীক্ষার জন্য রসিদের বাইরে অতিরিক্ত টাকা আদায়ের প্রমাণ পাওয়া গেছে। অন্য চার জেলায়ও নানা অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক।

গতকাল বুধবার এই অভিযান পরিচালনা করে দুদক প্রধান কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, ঢামেক হাসপাতালে এক্স-রে, এমআরআই এবং সিটি স্ক্যান করাসহ বিভিন্ন মেডিকেল চেকআপের জন্য অতিরিক্ত টাকা আদায় হয়, এরকম অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানে এক্স-রে করানোর জন্য রসিদের অতিরিক্ত টাকা নেওয়ার প্রমাণ পায়। এ ছাড়াও এমআরআই এবং সিটি স্ক্যান করানোর জন্য রসিদ ছাড়াই টাকা গ্রহণ করা হয়। হাসপাতালে কর্মরত আনসার সদস্যরা এ অনিয়মের সঙ্গে জড়িত মর্মে দুদক টিমের প্রাথমিক অনুসন্ধানে উঠে আসে বলে জানান তিনি। প্রণব কুমার জানান, বিষয়টি নিয়ে দুদক টিম ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিনের সঙ্গে কথা বলে। তিনি অভিযুক্ত আনসার সদস্যদের বদলি করা হবে বলে জানান।

এদিকে কক্সবাজার শহরের কস্তুরাঘাট এলাকায় বাঁকখালী নদী দখল করার অভিযোগ পেয়ে অভিযান চালায় দুদকের স্থানীয় একটি দল। সেখানে গিয়ে অভিযোগের সত্যতা পায়। দুদকের দল জানতে পারে, প্রভাবশালী এক ব্যক্তি ওই দখলের নেতৃত্ব দিচ্ছেন। এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক কামাল হোসেনকে জানালে তিনি ঈদুল ফিতরের পর পর্যায়ক্রমে দখলদারদের উচ্ছেদ করে নদী উদ্ধার করা হবে বলে জানান।

এ ছাড়া গতকাল বুধবার পিরোজপুর, সাতক্ষীরা ও খাগড়াছড়িতে অভিযান চালায় দুদকের আলাদা আলাদা টিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত