না.গঞ্জে স্বর্ণ ব্যবসায়ী হত্যা বন্ধুর ফাঁসির রায়

আপডেট : ৩০ মে ২০১৯, ০৪:০৭ এএম

নারায়ণগঞ্জের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষ হত্যা মামলায় তার বন্ধু পিন্টু দেবনাথকে মৃত্যুদ- দিয়েছেন আদালত। এছাড়া তার দোকানের কর্মচারী বাপেন ভৌমিককে ৭ বছরের সশ্রম কারাদ- সেই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। অর্থদন্ডের টাকা আদায় করে নিহতের পরিবারকে প্রদান করতে আদেশ দিয়েছেন আদালত। এই মামলায় খালাস পেয়েছেন আমলাপাড়া এলাকার আব্দুল্লাহ আল মামুন।

গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমান আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি ওয়াজেদ আলী খোকন দেশ রূপান্তরকে জানান, মামলাটি বেশ স্পর্শকাতর ছিল। সে কারণেই দ্রুত মামলাটি শেষ করা হয়েছে।

মামলার বাদী নিহতের ভাই বিদ্যুৎ সাহা রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, যার ফাঁসির আদেশ হয়েছে সেটা দ্রুত কার্যকর চাই। তবে আমরা বাপেন ভৌমিকের যাবজ্জীবন ও মামুনের ৭ বছর কারাদ- প্রত্যাশা করেছিলাম। এখানে এক আসামিকে খালাস দেওয়ায় আমরা উচ্চ আদালতে আপিল করব।

মামলার বিবরণীতে জানা গেছে, ২০১৮ সালের ১৮ জুন রাতে নিখোঁজ হন স্বর্ণ ব্যবসায়ী প্রবীর ঘোষ। পরে ৯ জুলাই শহরের কালীরবাজার এলাকা থেকে পিন্টু দেবনাথ ও বাপন ভৌমিক বাবুকে গ্রেপ্তার করে ডিবি। তাদের দেওয়া তথ্যমতে রাতেই শহরের আমলাপাড়া এলাকার রাশেদুল ইসলাম ঠান্ডু মিয়ার বাড়ির সেপটিক ট্যাংক থেকে প্রবীর ঘোষের সাত খন্ড লাশ উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত