অর্থ সাহায্য সচল রাখতে মালিবাগে পুলিশের গাড়িতে হামলা: সিআইডি

আপডেট : ৩০ মে ২০১৯, ০৫:১০ পিএম

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন,
অর্থ সাহায্য সচল রাখতে রাজধানীর মালিবাগে পুলিশের গাড়িতে হামলা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মোহাম্মদ শফিকুল ইসলাম।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিআইডিপ্রধান বলেন, ‘ডোনারদের (অর্থদাতা) দৃষ্টি আকর্ষণ করতে এই হামলা হয়। হামলাকারীরা ডোনারদের দেখাতে চেষ্টা করছে যে তাদের কার্যক্রম সচল রয়েছে।’ 

‘তারা ডোনারদের কাছে এই হামলার কথা বলে আরো  টাকা আদায়ের চেষ্টা করবে। এ ছাড়া হয়তো আরো বড় হামলার প্রতিশ্রুতি দিয়ে ডোনারদের কাছ থেকে টাকা আনার চেষ্টা করবে হামলাকারীরা।’

পুলিশ সদস্যদের ভেতরে ভয়ভীতি সৃষ্টি করাও এই হামলার অন্যতম আরেকটি কারণ বলে জানান সিআইডিপ্রধান।

রবিবার রাজধানীর মালিবাগ মোড়ে পুলিশের গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রাশেদা আক্তার, রিকশাচালক লাল মিয়াসহ তিনজন আহত হন। বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

এ ঘটনার দায় স্বীকার করে আইএস।

এর আগে গত ২৯ এপ্রিল রাত পৌনে আটটার দিকে গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় আততায়ীরা। ওই হামলায় ট্রাফিক পুলিশের দুই কনস্টেবল ও কমিউনিটি পুলিশের এক সদস্য আহত হন।

ঘটনার পাঁচ ঘণ্টা পর আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত