সেঞ্চুরি ছোঁয়া ইনিংস খেললেন বেন স্টোকস। ফিফটি পেলেন টপ অর্ডারের তিন ব্যাটসম্যান জেসন রয়, জো রুট ও ইয়ান মরগান। এই চারের ব্যাটে ভর করে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে বড় লক্ষ্য দিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।
বৃহস্পতিবার ওভালে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকাকে ৩১২ রানের লক্ষ্য দিয়েছে ইংলিশরা। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩১১ রান করে দলটি।
তবে এবারের বিশ্বকাপে রান উৎসব হবে বলে ধারণা সবার। প্রথম ইনিংসে সে বার্তাই থাকল। যদিও ৩১১ রান নিয়ে আসলে স্বস্তিতে থাকার কারণ নেই ইংলিশদের। কেনান সম্প্রতি ইংল্যান্ডের উইকেটে তিন শর ওপরে তাড়া করে হরহামেশাই ম্যাচ জয়ের ঘটনা ঘটছে।
দক্ষিণ আফ্রিকার জন্য লক্ষ্যটা তাই অসাধ্য নয় মোটেও। আবার ইংল্যান্ড স্বাগতিক সুবিধা কাজে লাগিয়ে ম্যাচ জিতে নিতেই পারে। সেই অর্থে বিশ্বকাপের প্রথম ম্যাচেই মিলল লড়াইয়ের ইঙ্গিত।
ইংলিশদের পক্ষে সর্বোচ্চ ৮৯ রান করেছেন বেন স্টোকস। ৭৯ বলে নিজের ইনিংসটি সাজিয়েছেন ৯ চারে। অধিনায়ক মরগানের ব্যাট থেকে আসে ৬০ বলে ৫৭ রান। ৪টি চারের সঙ্গে ৩টি ছয় হাঁকান তিনি।
মরগান এ ম্যাচে ইংল্যান্ডের পক্ষে ২০০ ওয়ানডে খেলার মাইলফলক ছুঁয়েছেন। একই সঙ্গে পূরণ করেছেন ৭ হাজার রানের মাইলফলক। ওপেনার জেসন রয় ৫৪ ও জো রুট ৫১ রান করেন।
৪০ ওভারে ৪ উইকেটে ২৩৫ রান করা ইংলিশরা আরো বড় স্কোরের বার্তা দিচ্ছিল। তবে প্রোটিয়া বোলারদের দৃঢ়তায় তা হয়নি। শেষ ১০ ওভারে ৭৬ রান যোগ করতে ৪ উইকেট হারায় ইংলিশরা।
দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন লুঙ্গি এনগিদি। ২টি করে উইকেট নিয়েছেন ইমরান তাহির ও কাগিজো রাবাদা।
এদিন দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ওভার করে ইতিহাসে জায়গা করে নিয়েছেন ইমরান তাহির। প্রথম স্পিনার হিসেবে বিশ্বকাপের কোনো ম্যাচে করেছেন উদ্বোধনী ওভার। আগের ১১ বিশ্বকাপ এমন নজির দেখেনি। প্রথম ওভারের দ্বিতীয় বলে উইকেট নিয়ে তাহির স্মরণীয়ই করে রেখেছেন ওভারটি।
