পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদের ফিটনেসহীনতা নিয়ে চটেছেন স্পিড স্টার শোয়েব আখতার। দলের সাবেক তারকা পেসার নাকি এমন ফিটনেসহীন অধিনায়ক আর কখনই দেখেননি।
শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটের হার দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছে পাকিস্তান। নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে টসে হেরে প্রথমে ব্যাটিং করে মাত্র ১০৫ রানে গুঁড়িয়ে যায় দলটি। বিশ্বকাপ আসরে গত ১২ বছরে এটাই তাদের সর্বনিম্ন রানের দলীয় ইনিংস। জবাবে মাত্র তিন উইকেট হারিয়ে ১৩.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় উইন্ডিজ। ৩৪ বলে ৫০ রানের ইনিংস খেলে ক্যারিবীয়দের জয়ের ভিত গড়ে দেন ক্রিস গেইল। বাকি কাজ সারেন নিকোলাস পুরান।
এই নিয়ে টানা এগারোটি ওডিআই ম্যাচে হার দেখলো পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের পাকিস্তানের ম্যাচ দেখা শেষে নিজ দেশের অধিনায়কের ফিটনেস নিয়ে কড়া সমালোচনা করলেন শোয়েব আক্তার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের মতে, সরফরাজ খুবই আনফিট একজন অধিনায়ক।
এই নিয়ে টুইটারে এক ভিডিও বার্তায় শোয়েব বলেন, “সরফরাজ যখন টস করতে আসলো তখন তার পেটটা ছিল খুবই লক্ষণীয়। তার মুখমন্ডল খুবই মোটা দেখাচ্ছিল। তার মতো এতো আনফিট এই প্রথম দেখলাম আমি। সে এদিক-ওদিক নড়তে পারে না। উইকেট কিপিং করা নিয়েও তাকে লড়তে হচ্ছে।”
