বিশ্বকাপে মুস্তাফিজ-সৌম্য দ্যুতি দেখতে মুখিয়ে সাতক্ষীরাবাসী

আপডেট : ০১ জুন ২০১৯, ০২:৫৮ পিএম

বাংলাদেশ দলের অন্যতম দুই অস্ত্রের নাম কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ও ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকার। বিশ্বকাপে নৈপুণ্য দেখতে মুখিয়ে আছে সাতক্ষীরাবাসী।

কেনিংটন ওভালে রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। সাতক্ষীরার দুই সন্তান একাদশে থাকবেন বলে আশা করা হচ্ছে। মাঠে নামার আগে সৌম্য ও মুস্তাফিজকে শুভ কামনা জানিয়েছেন এই দুই তারকার শৈশবের কোচ আলতাফ হোসেন।

এই আলতাফের হাতে প্রশিক্ষণ নিয়ে ক্রিকেটার মুস্তাফিজ শিখেছেন কিভাবে বলটা যথাযথ আক্রমণ করে বিপক্ষ দলের ব্যাটিং দূর্গ তছনছ করে দিতে হয়। সৌম্য শিখেছেন কিভাবে আক্রমনাত্মক ব্যাটিংয়ে বাঘাবাঘা সব বোলারদের কাবু করে দিতে হয়।

আলতাফ হোসেন এখনও কয়েকশ ক্ষুদে ক্রিকেটারদের নিয়ে কাজ করে যাচ্ছেন। প্রশিক্ষনার্থী ও প্রশিক্ষক উভয়ের চোখ এ দুই মহাতারকার দিকে। সবাই মনে করেন সাতক্ষীরার এই দুই সন্তান জ্বলে উঠতে পারলেই বিশ্বকাপে জ্বলে উঠবে বাংলাদেশ ।

আলতাফ হোসেন দৈনিক দেশ রুপান্তরকে বলেন, “সৌম্য সরকার আগের সেই ছন্দে ফিরেছে। এই ছন্দের ধারাবাহিকতা থাকলে বাংলাদেশের জয়ের একজন হয়ে উঠতে পারে। এনে দিতে পারে অনেক জয়। তবে মাঝে মাঝে কিছু কিছু শট দেখে শুনে করলে সৌম্যের যে অহেতুক আউট হওয়ার কিছু ঘটনা আছে সেগুলোর পুনরাবৃত্তি হবে না।”

মুস্তাফিজের ইনজুরির সমস্যা বাংলাদেশকে চিন্তায় ফেলতে পারে বলে মনে করেন আলতাফ। পুরোপুরি ফিট থাকতে পারলে মুস্তাফিজের মাধ্যমে বাংলাদেশ ভাল ফল পাবে বলে বিশ্বাস তার।

আলতাফ বলেন, বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার ফাইনালের আশাবাদকে আস্থায় রাখতে হবে। বাংলাদেশ অনেক ভাল কিছু করার সামর্থ্য রাখে।

তবে সব ভাল কিছুর জন্য সাতক্ষীরার দুই কৃতি সন্তান মুস্তাফিজ ও সৌম্যকেই কিছু করে দেখাতে হবে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত