ধারণা করা হচ্ছিল এবারের বিশ্বকাপ হবে ব্যাটসম্যানদের বিশ্বকাপ। কিন্তু এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের ইনিংস বাদ দিলে অন্য ম্যাচগুলোতে মিলেছে ভিন্ন চিত্র। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বিশ্বকাপে বোলাররাই রাজত্ব করছেন বলা বলে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশকে তাই উইকেট নিয়েও ভাবতে হচ্ছে।
অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা এই জায়গাটায় গুরুত্ব দিচ্ছেন বোলিং কিংবা ব্যাটিং দুই বিভাগেই শুরুটাকে। ব্যাটিংয়ে টাইগারদের লক্ষ্য শুরুতে উইকেট না হারানো। আর বোলিংয়ে লক্ষ্য দ্রুত উইকেট তুলে নেওয়া।
রোববার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।
শনিবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফী জানালেন তার দলের পরিকল্পনার কথা। শুরুর ম্যাচগুলোতে কম রানের হচ্ছে। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মাশরাফী বললেন, ‘‘আমার ধারণা ৫ বা ৬টা ম্যাচ হওয়ার পর ঠিক হয়ে যাবে। সবাই ৩০০ বা ৪০০ রান দেখে শুরু থেকেই চার্জ করতে গিয়ে আউট হচ্ছে। চাপ তৈরি হচ্ছে। সব দলই প্রত্যাশা করছে এখানে সাড়ে তিন শ রান না হলে জিততে পারব না। এই মানসিকতা নিয়ে খেলতে নেমে চার্জ গিয়ে উইকেট পড়ে যাচ্ছে। দ্রুত উইকেট পড়ে গেলে দেখা যাচ্ছে আর কোপ আপ করতে পারছে না।’’
এই জায়গাটায় নিজের দলের পরিকল্পনার কথা বলে দিলেন মাশরাফী, ‘‘আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে দ্রুত উইকেট না দেওয়া। যেটাই আমরা করতে পারি আমরা ফাইট করব। তবে একটা প্ল্যানেই স্থির থাকা যেটা, যে প্ল্যানে আমরা বাংলাদেশে খেলেও সফল হয়েছি।’’
‘‘উইকেটের কথা ভেবে আমার মনে হয় আমাদের দলের চাপ নেওয়ার কোনো কারণ নেই। নিশ্চিত করতে হবে আমরা যেন পার্টনারশিপ করতে পারি। যে সেট হবে সে যেন বড় ইনিংস খেলতে পারে। সিম্পল প্ল্যানগুলো যেন ঠিকমতো হয়।’’
মাশরাফী আরো বলেন, ‘‘আমার মনে হয় এখানে শুরুতে উইকেট পড়ে গেলে বড় রান করা কষ্ট হবে। যদি ব্যাট করি মাথায় রাখতে হবে শুরুতে উইকেট যেন না দেই। আবার বোলিং করলে শুরুতে উইকেট নিতে হবে। এইটা আমার মনে হয় সেরা পথ ইংল্যান্ডে খেলার জন্য।’’
