চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে উড়ে গেলেও পাকিস্তান দলকে ভেঙে না পড়ার পরামর্শ দিয়েছেন ওয়াকার ইউনিস। পাকিস্তানের আর কোনও আশা নেই- এমনটা ভাবতে নারাজ দলটির সাবেক এই অধিনায়ক ও কোচ। মনে করিয়ে দিয়েছেন বিরানব্বইয়ের বিশ্বকাপের কথা। ওই আসরেও শুরুটা ভালো ছিল না পাকিস্তানের। কিন্তু ট্রফি উঠেছিল ইমরান খানের হাতেই।
আইসিসির ওয়েসবাইটে লেখা কলামে ইউনিস বলেছেন, “মনে রাখবেন বিশ্বকাপ অনেক দিনের টুর্নামেন্ট। এখনও প্রচুর ক্রিকেট বাকি। তাই পাকিস্তান আর ভাল কিছু করতে পারবে না, তা ভাবা বোকামি হবে। ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম ম্যাচে বাজেভাবে হারের পরেও আমি এই কথাটাই বলব।”
“আমি কিন্তু পুরো ব্যাপারটা অন্য চোখে দেখে ওয়েস্ট ইন্ডিজেরই প্রশংসা করব। ওরা যেভাবে শর্ট বলকে অস্ত্র করে পাকিস্তানকে চূর্ণ করেছে তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।”
তাই বলে পাকিস্তানের ভেঙে পড়ার কিছু দেখছেন না ওয়াকার। বর্তমান দলটাকে ১৯৯২ সালের বিশ্বকাপের স্মৃতি মনে করিয়ে দিলেন সাবেক তারকা এই পেসার, “জানি পাকিস্তানের অতীত রেকর্ড নিয়ে অনেক কথা বলা হচ্ছে। বিশেষ করে আমাদের ধারাবাহিকতা নিয়ে। বিরানব্বই বিশ্বকাপের কথা ভাবুন। সেবারও কিন্তু আমরা প্রথম ম্যাচেই বাজেভাবে হেরেছিলাম। অথচ সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপ জিতি।”
“বলছি না ২৭ বছর আগে যা হয়েছে, এবারও সেটাই হবে। এটাও মানছি, যে কোনও টুর্নামেন্টে প্রথম ম্যাচ হারলে দলে মনোবল ধাক্কা খায়। তবু বিরানব্বইয়ের কথা ভেবে ছেলেরা নিজেদের উদ্বুদ্ধ করতে পারে। সে বারের ঘটনা প্রমাণ করে, ঘুরে দাঁড়ানো সম্ভব। এখনকার ছেলেদের সেটাই বলতে চাই।”
চলতি আসরে পাকিস্তান তাদের দ্বিতীয় ম্যাচে সোমবার নটিংহ্যামের ট্রেন্টব্রিজে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে।
