জিততে হলে রেকর্ড গড়তে হবে দক্ষিণ আফ্রিকাকে

আপডেট : ০২ জুন ২০১৯, ০৮:০৭ পিএম

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩৩১ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই রান তাড়া করে জিততে হলে রেকর্ড গড়তে হবে দক্ষিণ আফ্রিকাকে। বিশ্বকাপের ইতিহাসে এত রান তাড়া করে জয়ের রেকর্ড নেই কারো।

বিশ্বকাপে এর আগে সর্বোচ্চ ৩২৯ রান তাড়া করে জয়ের নজির আছে। ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেই রান তাড়া করে জিতেছিল আয়ারল্যান্ড।

এদিন বাংলাদেশ আগে ব্যাট করে ৬ উইকেটে ৩৩০ রানের পুঁজি গড়ে। বিশ্বকাপ তো বটেই ওয়ানডে ইতিহাসেই এটি টাইগারদের সবচেয়ে বড় পুঁজি।

ওয়ানডেতে বাংলাদেশের আগের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩২৯। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ঢাকায় সেই পুঁজি গড়ে বাংলাদেশ।

বিশ্বকাপে বাংলাদেশের আগের সর্বোচ্চ রান ছিল ৩২২। ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে পরে ব্যাট করে করেছিল সেটি। আগে ব্যাট করে বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রান ছিল ৭ উইকেটে ২৮৮। গেল বিশ্বকাপেই নিউজিল্যান্ডের বিপক্ষে সেই পুঁজি পেয়েছিল টাইগাররা।

এদিন বাংলাদেশ বড় রানের ভিত পায় সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের তৃতীয় উইকেট জুটিতে। সত্তরোর্ধ্ব ইনিংস খেলেছেন দুজনই। তৃতীয় উইকেটে যোগ করেন ১৪২ রান। বিশ্বকাপে যা বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।
আগের সর্বোচ্চ জুটির রেকর্ডটি ছিল মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমের। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১৪১ রানের জুটি গড়েছিলেন দুজন।

সাকিবের ব্যাট থেকে আসে ৭৫ রান। তার ৮৪ বলের ইনিংসে ছিল ৮টি চার ও ১ ছক্কা। মুশফিকের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৭৮। ৮০ বলে ৮ চারে নিজের ইনিংস সাজান তিনি। এ ছাড়া সৌম্য সরকার ৪২ ও মাহমুদউল্লাহ অপরাজিত ৪৬ রান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত