স্মার্টফোনের উৎপাদন কমাচ্ছে হুয়াউই

আপডেট : ০২ জুন ২০১৯, ০৯:৫৩ পিএম

মার্কিন নিষেধাজ্ঞা এবং গুগলের মতো প্রতিষ্ঠান হুয়াউইর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণায় নতুন এক পরিস্থিতির সম্মুখীন চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াউই। নতুন পরিস্থিতিতে মানিয়ে নিতে কৌশল অবলম্বনের পথ বেছে নিয়েছে সংস্থাটি। এই কৌশলের অংশ হিসেবে তাইওয়ানের ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফক্সকন হুয়াউইর কয়েকটি মডেলের ফোনের উৎপাদন কমিয়ে দিয়েছে।

হুয়াউইর তরফ থেকে নির্দেশ আসার পরই ফোন উৎপাদনে কাটছাঁট করে ফক্সকন। হুয়াউইয়ে ছাড়াও অ্যাপল ও শাওমির ফোন তৈরি করে প্রতিষ্ঠানটি।

গোপন সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট। এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি ফক্সকন।

এটা হুয়াউইর স্বল্পমেয়াদি নাকি দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত তা জানা যায়নি। তবে এর ফলে শীর্ষ স্মার্টফোন সরবরাহকারীর তালিকায় নাম লেখানো হুয়াউইর জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে।

গত বছর বাজারে ২০ কোটি স্মার্টফোন সরবরাহ করেছিল তারা। একই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে আগামী বছর নাগাদ তারা শীর্ষ স্মার্টফোন নির্মাতাকারীর আসনে বসত।

কিন্তু গত মে মাসে হুয়াউইর সঙ্গে মার্কিন প্রতিষ্ঠানগুলোর বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করে মার্কিন সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা জারির পর এখন পর্যন্ত গুগল, ইন্টেল, কোয়ালকম, ব্রডকম ও এআরএম হুয়াউইর সঙ্গে ব্যবসায়িক লেনদেন বাতিল করেছে। গুগলের সঙ্গে চুক্তি বাতিল হওয়ায় নতুন ডিভাইসে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবে না হুয়াউই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত