‘১৯৭১ : ভেতরে বাইরে’ বইটি তুলে নিচ্ছে প্রথমা

আপডেট : ০২ জুন ২০১৯, ১০:৫৪ পিএম

এ কে খন্দকারের লেখা ‘১৯৭১ : ভেতরে বাইরে’ বইটি বাজার থেকে তুলে নেবে বলে জানিয়েছে প্রথমা প্রকাশন।

রোববার প্রথমা প্রকাশনের ব্যবস্থাপক জাফর আহমদ রাশেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বইটি প্রত্যাহারের কথা জানানো হয়।

বীর উত্তম এ কে খন্দকারের চাওয়া মেনে বইটি প্রত্যাহারের কথা জানালেও তার অভিযোগের বিষয়ে কিছু বলেনি প্রথমা প্রকাশন।

মুক্তিবাহিনীর উপঅধিনায়ক এ কে খন্দকার ২০১৪ সালে প্রথমা থেকে প্রকাশিত বইটিতে লিখেছিলেন, বঙ্গবন্ধু তার ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটি শেষ করেছিলেন ‘জয় পাকিস্তান’ বলে।

সাড়ে চার বছর পর শনিবার এক সংবাদ সম্মেলনে এসে নিজের লেখা বইয়ে ভুল তথ্য দেওয়ার জন্য ক্ষমা চেয়ে তিনি বলেছেন, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু ‘জয় পাকিস্তান’ বলেননি।

এরপরদিন রোববার প্রথমা প্রকাশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, '১৯৭১ : ভেতরে বাইরে’ বইয়ের লেখক এ কে খন্দকার। তার বইয়ের যে কোনো অংশ গ্রহণ-বর্জন- পরিমার্জনের পূর্ণ অধিকার তার আছে। লেখকের ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা বইটি বাজার থেকে প্রত্যাহার করে  নিয়েছি।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত